ফিফা ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের শেষ সুযোগটা দুঃস্বপ্নেই পরিণত হলো নেইমারের জন্য। এক অদ্ভুত ভুলে ম্যাচের মাঝেই ক্ষোভে ফেটে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা। গতকাল (১৭ মে) রাতে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ৩-০ গোলের হারের ম্যাচে ঘটে এই নাটকীয় ঘটনা।
৩৪ বছর বয়সি নেইমার তখন সাময়িকভাবে কাফ ইনজুরির চিকিৎসা নিতে মাঠের বাইরে ছিলেন। ঠিক সেই সময় চতুর্থ কর্মকর্তা ভুল করে বদলির বোর্ডে নেইমারের ১০ নম্বর জার্সি তুলে ধরেন, যদিও মাঠ ছাড়ার কথা ছিল তার সতীর্থ গনজালো ইস্কোবারের।
বোর্ডে নেইমারের নম্বর দেখিয়ে বদলি হিসেবে নামানো হয় রবিনহো জুনিয়রকে। কিন্তু চিকিৎসা শেষে মাঠে ফিরতে গেলে নেইমারকে হলুদ কার্ড দেখানো হয়। এরপরই শুরু হয় তার তীব্র প্রতিবাদ।
রেফারি কোনো ব্যাখ্যা শুনতে রাজি না হলে হতাশ নেইমার কর্মকর্তাদের হাত থেকে বদলির স্লিপ কেড়ে নিয়ে টিভি ক্যামেরার সামনে দেখান। সেখানে স্পষ্ট ছিল, বদলি হওয়ার কথা ছিল ইস্কোবারের, নেইমারের নয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে সান্তোস জানায়, ‘চতুর্থ কর্মকর্তা ভুল খেলোয়াড়কে বদলি করেছেন। টেলিভিশন সম্প্রচার এবং কর্মকর্তাদের ব্যবহৃত নোট থেকেও বিষয়টি নিশ্চিত হয়েছে। এটি এক অবিশ্বাস্য ভুল, যা সংশোধন করা হয়নি।’
সময়টা নেইমারের জন্য আরও গুরুত্বপূর্ণ ছিল কারণ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা। ইতালিয়ান এই কোচ আগেই জানিয়েছেন, আবেগ নয়, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই দলে সুযোগ পাবেন নেইমার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সান্তোসের হয়ে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তবে ইনজুরি ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে ২০২৩ সালের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি তিনি।
অনিক/