ঈদের ছুটিতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শনিবার ঈদের দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দর্শনার্থীদের অতিরিক্ত চাপে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে লেগেই আছে দীর্ঘ যানজট। এতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে হাজারো মানুষ ছুটে আসেন সবুজের খোঁজে লাউয়াছড়ায়। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া সরু পথ, উঁচু-নিচু টিলা আর ঘন সবুজ অরণ্যের স্নিগ্ধতায় সময় কাটিয়ে উচ্ছ্বাসে ভরে ওঠেন দর্শনার্থীরা।
তবে এই আনন্দঘন পরিবেশের মধ্যেই দেখা দিয়েছে ভোগান্তির চিত্র। শনিবার থেকে প্রতিদিন দুপুরের পর থেকেই উদ্যানের ভেতর দিয়ে চলা শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে দীর্ঘ যানজট, যা বিকেল পর্যন্ত স্থায়ী হচ্ছে। এতে আটকে পড়ে পর্যটকবাহী যানবাহন, দীর্ঘ সময় সড়কেই অপেক্ষা করতে হচ্ছে অনেককে।
দর্শনার্থীরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে এমন যানজটে পড়া তাদের ভ্রমণের আনন্দ অনেকটাই ম্লান করে দিচ্ছে।
টুরিস্ট পুলিশ ও বনবিভাগের কিছু সদস্য যানজট নিরসনে কাজ করলেও এর সমাধান হচ্ছেনা।
সোমবার (২৩ মার্চ) সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সংকীর্ণ পার্কিং ব্যবস্থা ও সড়কের দুই পাশে সিএনজি, টমটম ও জিপ গাড়ি দাঁড়িয়ে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এতে দেশি-বিদেশি পর্যটকেরা যানজটে আটকা পড়েন।
ঢাকার মিরপুর থেকে আসা আরিফ হোসেন বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। কিন্তু লাউয়াছড়ায় প্রবেশের আগেই দীর্ঘ যানজটে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। এতে বাচ্চারা খুব বিরক্ত হয়ে পড়ে।
হবিগঞ্জের নুসরাত জাহান বলেন, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। কিন্তু যানজটের কারণে ঠিকভাবে উপভোগ করা যাচ্ছে না। অনেকটা সময় রাস্তাতেই নষ্ট হয়ে গেছে।
মৌলভীবাজারের কমলগঞ্জের বাসিন্দা মাহিদুল ইসলাম বলেন, ঈদের সময় ভিড় হবে, এটা স্বাভাবিক। তবে যানবাহন নিয়ন্ত্রণে আরও ব্যবস্থা থাকলে মানুষের ভোগান্তি কমত। বন বিভাগ ও টুরিস্ট পুলিশ এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।
সিএনজি অটোরিকশা চালক সাব্বির আহমেদ বলেন, পর্যটক নিয়ে আসা বড় বড় বাস আসা-যাওয়ার সময় যানজট সৃষ্টি হয়। এর কারণ বিভিন্ন যানবাহন সড়কের পাশে পার্কিং করে রাখা হয়।
বনবিভাগের এক কর্মী জানান, অতিরিক্ত পর্যটকের আগমনের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। বনবিভাগ ও টুরিস্ট পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন চৌধুরী বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে যানজট নিরসনে টুরিস্ট পুলিশ সবসময় কাজ করছে। সড়কের তুলনায় অতিরিক্ত গাড়ি থাকায় ও উদ্যানের সামনে বেশি গাড়ি থাকায় বিকেলে এই যানজট সৃষ্টি হয়।
পুলক পুরকায়স্থ/সুমন/



