বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ জনগণের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রকাশ্যে খুন, ছিনতাই, ধর্ষণ ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ সংঘটিত হলেও প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। এমন বাস্তবতায় দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যতটা জরুরি, একজন যোগ্য ও সৎ প্রার্থী ততটাই প্রয়োজনীয়। রাজনীতি যেখানে হওয়ার কথা দেশ ও জনগণের কল্যাণে, সেখানে আজ তা পরিণত হয়েছে একটি বিশেষ মহলের ব্যক্তিস্বার্থ হাসিলের সহজ পথে। এ চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে যিনি দেশ ও দশের কথা ভাবতে চান, তার সামনেই এসে দাঁড়ায় অসংখ্য বাধা।
এ বাধা অতিক্রম করে একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখেন অনেক শিক্ষিত ও সচেতন মানুষ। কিন্তু নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কারণ, স্রোতের বিপরীতে গিয়ে জন্মভূমির মঙ্গল কামনা করার পরিণতি অনেক সময় প্রাণনাশের ঝুঁকিতে পরিণত হয়। এমন পরিস্থিতিতে আমাদের সবার উচিত রাজনীতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করা। সাধারণ জনগণ ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যায় দেখেও মুখে তালা লাগিয়ে ঘরে বসে না থেকে যেন প্রতিবাদ করতে কাউকে দ্বিতীয়বার ভাবতে না হয়- এ পরিবেশ নিশ্চিত করতে পারলেই আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারব।
জিন্নাত জাহান ঝুমা
শিক্ষার্থী, ময়মনসিংহ নার্সিং কলেজ
[email protected]