ইউরোপিয়ান নারী ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। প্রথম লেগে ৬-২ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগেও বড় জয় তুলে নিয়ে ১২-২ অগ্রগামিতায় সহজেই শেষ চারে উঠে যায় তারা। এ নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শেষ চারে দলটি।
ম্যাচের অষ্টম মিনিটে গোলের সূচনা করেন অ্যালেক্সিয়া পুটেলাস। গোলটি ছিল তার বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচে বিশেষ অর্জন। এরপর দ্রুতই ব্যবধান বাড়ান কারোলিন গ্রাহাম হ্যানসেন। প্রথমার্ধেই আইরেন প্যারেদেস ও ইওয়া প্যাজোরের স্ট্রাইকে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে বার্সা। গ্রাহাম হ্যানসেন নিজের দ্বিতীয় গোলটি করেন, আর শেষদিকে ইসমি ব্রাগটস গোল করে ৬-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন। এই ম্যাচে উপস্থিত ছিলেন প্রায় ৬০ হাজার দর্শক, যা নবসংস্কার করা ক্যাম্প ন্যুতে নারী দলের প্রথম ম্যাচ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।
সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে অলিম্পিক লিও এবং আর্সেনাল।
অনিক/










