ঝিঙে ফুলের বিয়ে
সুশান্ত কুমার দে
ঝিঙে গাছে, ফিঙে নাচে
ঝিঙে ফুলের বিয়ে,
সবুজ বোঁটায়, শুভ্রতায়
আসছে কুটুম টিয়ে।
পতঙ্গ মশাই, সেজে কসাই
কাটে মাছির ঠ্যাং,
তাই না দেখে- এঁকে বেঁকে
পালায় গেছো ব্যাঙ।
কড়ুই গাছে, চড়ুই নাচে
দোয়েল বাজায় ঢোল,
মৌমাছিরা দিক হারা
বসল বধূর কোল?
কনকনে শীত
হানিফ রাজা
মুড়ির থালা হাতে নিয়ে
খায় যে খুকি মিঠা দিয়ে
মিষ্টি হাসি মুখে,
শিশির ঝরে সকাল বেলা
হিমের হাওয়া করে খেলা
কাঁপন ধরে বুকে।
খুকির বাবা মস্ত চাষি
চলে মাঠে মুখে হাসি
চাদর দিয়ে গায়ে,
তাহার সাথে বলদ আছে
তামাক হুক্কাও রাখছে কাছে
লাঙল কাঁধে পায়ে।
কনকনে শীত কাঁপন ধরায়
খড়ের গাদায় ওমে ভরায়
মিঠে রোদ্দুর মাঝে,
অরুণ আলোয় ফুলের মেলায়
ভ্রমরাকুল মাতে খেলায়
সকাল দুপুর সাঝে।
ইচ্ছে করে
হোসাইন মোস্তফা
ইচ্ছে করে যাইরে ছুটে
সবুজ শ্যামল গাঁয়ে
দূর্বাঘাসের কোমল পরশ
লাগবে কখন পায়ে।
মেঠোপথে হাঁটব আমি
পুকুর জলে ডুব
সুঠাম দেহের কৃষক হতে
ইচ্ছে করে খুব।
অবারিত সবুজ মাঠে
টঙে কাটাই রাত
বেগুন ভর্তা, শুঁটকি মেখে
খাব আমি ভাত।
ইচ্ছে করে ক্ষেতের আলে
বসি বটের ছায়ায়
সহজ জীবন দেই কাটিয়ে
ফুল পাখির মায়ায়।
খেলায় খুশি
বিজন বেপারী
খেলাধুলা শরীরচর্চা
স্বাস্থ্য ভালো রাখে
এই সুযোগে ছেলেমেয়ে
আলো গায়ে মাখে।
হয় প্রতিভা বিকশিত
দেশের বাড়ে মান
মন কেড়ে নেয় শিশুর কণ্ঠে
পল্লী বাউল গান।
হাসি খুশি ভরা থাকে
শিশু কিশোর জন
এমন দিনে স্কুল মাঠে
সবার টানে মন।
লেখাপড়া খেলাধুলা
সব শিশুরই তাই
ধর্ম বর্ণ নির্বিশেষে
সমান সুযোগ চাই।