গোপাল একবার হাটে আলু কিনতে গিয়েছিল। পথেই দেখা হলো এক বন্ধুর সঙ্গে। রসিক বন্ধুটি গোপালের আলু কেনার কথা শুনে বলল, তুমি যদি আলু বিনে পয়সায় কিনতে পারো তবে ১০ মুদ্রা পুরস্কার পাবে।
গোপাল বন্ধুকে বলল, ও এই কথা? তুমি আমার সঙ্গে হাটে চলো দেখবে, দিব্যি বিনে পয়সায় আলু কিনে নিয়ে বাড়ি ফিরব। কাউকেও কোনো পয়সা দেব না। তুমি স্বচক্ষে তা দেখে নিও।
হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলে ভাই, আমি যদি তোমার কাছে থেকে পাঁচ সের আলু কিনি, কটা আলু ফাউ দেবে?
শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি। আলু বিক্রেতারা বলল, পাঁচটা করে আলু ফাউ পাবেন পাঁচ সের আলু কিনলে। এর বেশি দিতে পারব না।
গোপাল তখন প্রত্যেক আলুওয়ালার ঝুড়ি থেকে পাঁচটা করে আলু তুলে নিয়ে বলল, এই হাটে শুধু ফাউটা নিলাম, সামনের হাটে তোমাদের সবার কাছ থেকে পাঁচ সের করে আলু কিনব।
সবাই হাঁ করে তাকিয়ে তাকিয়ে রইল। গোপাল দিব্যি বিনে পয়সার আলু নিয়ে বাড়ি ফিরল।
বন্ধুকে বাধ্য হয়েই প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে ১০ মুদ্রা পুরস্কার দিতে হলো।