পারস্য দেশের কয়েকজন ব্যবসায়ী এসেছেন দরবারে বাদশাহর পছন্দসই ঘোড়া বিক্রি করতে। বাদশাহ বেশ কিছু ভালো ঘোড়া কিনলেন। এর চেয়েও ভালো ঘোড়া তাদের দেশে আছে শুনে বাদশাহ তাদের ১০০ মোহর অগ্রিম দিলেন।
এ ঘটনার দিন কয়েক পর বাদশাহ নাসিরুদ্দিন হোজ্জাকে হুকুম দিলেন, তার রাজ্যে যত বোকা, কম বুদ্ধির লোক আছে তাদের একটা তালিকা প্রস্তুত করতে।
দুদিন প্রচণ্ড খেটেখুটে হোজ্জা ২৬ পাতার একটা তালিকা প্রস্তুত করলেন। সেই তালিকার ওপর চোখ বুলাতেই বাদশাহ দেখলেন, তাতে সবার প্রথমে তার নিজের নাম।
বাদশা বললেন, ‘সে কী হোজ্জা, আমার নাম সবার প্রথমে কেন?’
হোজ্জা বললেন, ‘প্রথমেই তো থাকবে। অজানা-অচেনা ইরানি ব্যবসায়ীদের সম্পর্কে কোনো কিছু না জেনেই এক কথায় এতগুলো মোহর যিনি অগ্রিম দেন, তাকে তো বেকুবদের তালিকায় প্রথমেই রাখতে হবে।’
‘আর, তারা যদি সত্যি সত্যি ভালো ঘোড়া নিয়ে হাজির হয়, তা হলে?’ বাদশাহ আশান্বিত হয়ে বলেন।
‘হুজুর, তা হলে আর কী! ওই তালিকার প্রথম বেকুব আপনার নাম কেটে তাদের নামই বসিয়ে দেব’, হোজ্জা বললেন।