সমুদ্রের গহীন স্তরে নীল পানির ভেতর চাঁদের মতো একটি আলো ধীরে ভেসে যায়। মায়াবী সেই আলোটি কোনো নক্ষত্র নয়, এটি এক বিস্ময়কর সামুদ্রিক প্রাণী মুন জেলিফিশ। স্বচ্ছ গোল দেহ, নরম দোলায় ভরা চলন, আর পানির ভেতর ধীরে ঝলমলে আভা সব মিলিয়ে এরা যেন সাগরের অদেখা স্বর্গের দূত। কোটি বছর ধরে প্রায় অপরিবর্তিত রূপে বেঁচে থাকা এই প্রাণী সমুদ্রের প্রাচীন ইতিহাসের জীবন্ত সাক্ষী।
বিজ্ঞানীরা বলেন, মুন জেলিফিশ শুধু সুন্দরই নয় সমুদ্রের ভারসাম্য ধরে রাখতে, জলবায়ুর পরিবর্তন বুঝতে এবং প্রাণবৈচিত্র্যের স্বাস্থ্যের সূচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের ফিচারে আমরা জানব এই অসামান্য প্রাণীর বিস্ময়, রহস্য ও পরিবেশগত গুরুত্ব।
শারীরিক গঠন: আলো-স্বচ্ছ এক জীবন্ত রূপকথা মুন জেলিফিশের দেহ এতটাই স্বচ্ছ যে, এর ভেতরের গঠন চোখে দেখা যায়। প্রায় ৯৫ শতাংশ পানি, বাকি অংশ প্রোটিন ও জেলি জাতীয় পদার্থ। এদের কোনো মস্তিষ্ক নেই, নেই হৃৎপিণ্ড বা হাড় তবুও তারা সহজেই সমুদ্রের জীবনযুদ্ধে টিকে থাকে।
দেহের আকৃতি ও আকার: জেলিফিশের দেহ সাধারণ দৈর্ঘ্য ১০-৪০ সেন্টিমিটার, তবে কিছু প্রজাতি ৫০-৬০ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। গোলাকৃতি ছাতার মতো দেহকে বলা হয় বেল। বেলের নিচ থেকে নরম সুতা জাতীয় টেন্টাকল ঝুলে থাকে এগুলোই খাবার ধরা ও শনাক্ত করার কাজে লাগে। মুন জেলিফিশের দেহের মধ্যে চারটি গোল চিহ্ন দেখতে পাওয়া যায় এগুলো আসলে এর গোনাড, অর্থাৎ প্রজনন অঙ্গ। আলো প্রতিফলিত হলে এগুলো চাঁদের মতো জ্বলে ওঠে।
জীবনচক্র: সমুদ্রের সবচেয়ে রহস্যময় রূপান্তর মুন জেলিফিশের জীবনচক্র অত্যন্ত নাটকীয়। তারা শুধু ভাসমান প্রাণী নয়। তাদের জীবনে রয়েছে রূপান্তর, বিভাজন ও পুনর্জন্মের মতো ধাপ।
১. Planula (ডিম থেকে লার্ভা)
প্রাপ্তবয়স্ক জেলিফিশ পানি ছাড়লে ক্ষুদ্র প্ল্যানুলা তৈরি হয়। এগুলো এত ছোট যে, খালি চোখে দেখা যায় না।
২. Polyp (স্থির পর্যায়)
লার্ভা এরপর পাথর, প্রবাল বা সমুদ্রের তলায় গিয়ে লেগে থাকে। এ সময় তারা একেবারে গাছের কুঁড়ির মতো দেখতে হয়।
৩. Ephyra (ছোট জেলিফিশ)
পলিপ শরীর ভাগ করে ছোট ছোট জেলিফিশে পরিণত হয়। এদের বলে ইফাইরা।
৪. পরিণত মুন জেলিফিশ
অল্প কয়েক সপ্তাহের মধ্যেই তারা পুরোপুরি গোলাকার, আলোকময় জেলিফিশে পরিণত হয়।
অসাধারণ পুনরুদ্ধার ক্ষমতা, শরীরের কোনো অংশ কেটে গেলেও তারা দ্রুত পুনর্গঠন করতে পারে। তাই বিজ্ঞানীরা মনে করেন এদের মধ্যে আধুনিক পুনর্জন্ম প্রযুক্তির বহু রহস্য লুকিয়ে আছে।
.jpg)
খাদ্যাভ্যাস: ক্ষুদ্র প্রাণীর নীরব শিকারি মুন জেলিফিশ খুব ধীর গতির প্রাণী হলেও শিকার ধরার পদ্ধতি অসাধারণ। প্ল্যাংটন, ক্ষুদ্র শৈবাল, ছোট মাছের ডিম ও লার্ভা, ক্রাস্টেশিয়ান শ্রেণির ক্ষুদ্র প্রাণী খেয়ে থাকে। এদের টেন্টাকলের ক্ষুদ্র সুচ জাতীয় কোষে থাকে হালকা বিষ। এ বিষ শিকারকে সামান্য অবশ করে ফেলে। মানুষের ত্বকে এদের স্পর্শ সাধারণত বিপজ্জনক নয়, সামান্য জ্বালা হলে কয়েক মিনিটেই চলে যায়।
চলাফেরা: পানির স্রোতের নাচে ভাসমান মুন জেলিফিশ নিজের পেশি সংকোচন করে সামান্য গতিতে চলতে পারে, কিন্তু তাদের বেশির ভাগ সময়ই তারা পানির স্রোতের ওপর নির্ভরশীল। তাই কখনো কখনো হাজার হাজার জেলিফিশ একসঙ্গে একটি এলাকায় জমে যায়- এ ঘটনাকে বলা হয় জেলিফিশ ব্লুম। বিজ্ঞানীদের মতে উষ্ণতা বেড়ে গেলে, প্ল্যাংটন বেশি হলে, সমুদ্রে শিকারি মাছ কমে গেলে তখন ব্লুমের সংখ্যা বাড়ে।
বাসস্থান: আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগরসহ উপকূলীয় অগভীর জলরাশিতে, মোহনা, বন্দর বা প্রবাল প্রাচীরের আশপাশে মুন জেলিফিশ পাওয়া যায়। এদের সাধারণত ঠাণ্ডা থেকে নাতিশীতোষ্ণ পানিতে সবচেয়ে বেশি দেখা যায়। সমুদ্রের স্বাস্থ্য ভালো হলে এদের সংখ্যা স্বাভাবিক থাকে, কিন্তু দূষণ বা তাপমাত্রা বাড়লে এদের বংশবৃদ্ধির ধরন পাল্টে যায়, তাই এরা পরিবেশের প্রকৃত সূচক।
বিপদের কারণ: মুন জেলিফিশ এখনো বিপন্ন তালিকায় নেই, কিন্তু সামুদ্রিক বিশেষজ্ঞদের মতে তাদের টিকে থাকার ক্ষেত্রে কিছু বড় হুমকি রয়েছে। যেমন- সমুদ্র দূষণ, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত মাছ ধরা। এ ছাড়া উপকূল বাঁধ ও নির্মাণ কার্যক্রম পলিপ জন্মস্থান ধ্বংস করে।
বিজ্ঞানীদের কাছে গুরুত্ব: সমুদ্রবিজ্ঞান থেকে চিকিৎসাবিজ্ঞান পর্যন্ত মুন জেলিফিশ শুধু একটি প্রাণী নয় এটি বিজ্ঞান গবেষণার এক অমূল্য সম্পদ।
১. পরিবেশগত সূচক- পানির গুণমান খারাপ হলে প্রথমেই জেলিফিশের সংখ্যা পরিবর্তন হয়। তাই বিজ্ঞানীরা তাদের ব্যবহার করেন সমুদ্রের স্বাস্থ্য পরীক্ষায়।
২. চিকিৎসা ও গবেষণা- জেলিফিশের আলো উৎপাদনকারী জিএফপি প্রোটিন বহু চিকিৎসা উদ্ভাবে বিপ্লব এনেছে।
সমুদ্রের আদিম রহস্য: মুন জেলিফিশের বয়স কয়েক শ কোটি বছর, এরা ডাইনোসরের আগেও ছিল। তাদের গঠন বিশ্লেষণ করলে পৃথিবীর প্রথমদিকের প্রাণীর বিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
মানুষ ও প্রকৃতি: মুন জেলিফিশ আমাদের শেখায়- স্বচ্ছতা, নীরবতা আর প্রকৃতির সঙ্গে সংগতি রাখাই টিকে থাকার আসল শক্তি।
সমুদ্র দূষণে প্রতিটি প্রাণী ক্ষতিগ্রস্ত হয়, আর এর প্রভাবে পুরো পৃথিবীর জলবায়ু বদলে যায়। তাই প্রয়োজন প্লাস্টিক ব্যবহার কমানো, সমুদ্রের বর্জ্য নিয়ন্ত্রণ, অতিমাত্রায় মাছ শিকার বন্ধ ও উপকূলীয় পরিবেশ রক্ষা করা। প্রতিটি মানুষ যদি দায়িত্বশীল হয় তবেই এই জেলিফিশ, প্রবাল, ডলফিন সবাই মিলেই সমুদ্র তার আসল সৌন্দর্য ফিরে পাবে।
তারেক/
.jpg)
.jpg)