আমি হাল ছেড়ে দিয়েছিলাম। ধরেই নিয়েছিলাম আমার আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হবে না! ২০০৫ সালের কথা। এইচএসসি পরীক্ষার পর অন্য সবার মতো আমিও বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার স্বপ্ন দেখি। খুব খারাপ রেজাল্ট হয়নি! এইচএসসিতে মানবিকে ‘এ’ গ্রেড পেয়েছিলাম। নিম্নবিত্ত ঘরের ছেলে। কোচিং করার সামর্থ্য ছিল না। কিছু টাকা জমানোর আশায় নিজেই টিউশনি করতাম। বাড়িতে ছোট শিক্ষার্থীদের পড়িয়ে অল্প কিছু টাকা জমিয়েছিলাম। এই অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নেমে পড়লাম।
পরিতাপের বিষয়, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সৌভাগ্য হয়নি। আমার বন্ধুরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যেত। আমি চেয়ে চেয়ে দেখতাম!
আরো পড়ুন: যেখানে দাদি ভাড়া পাওয়া যায়
বিধি নিরাশ করেনি। অবশেষে এল খুশির খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ডাক এল। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকায় নিজের নাম দেখে আমার পরিবার যতটা না খুশি হয়েছিল তার চেয়ে বেশি চিন্তায় পড়ে গিয়েছিল! কারণ একটাই, অনার্সে প্রথম বর্ষের ভর্তির টাকা আসবে কোথা থেকে। এত টাকা একসঙ্গে জোগাড় করার সামর্থ্য আমাদের ছিল না। আশা নিয়ে আত্মীয়স্বজনের দ্বারস্থ হলাম। বিশ্বাস ছিল আত্মীয়স্বজনদের কাছ থেকে কিছু না কিছু পাবই। একে একে সবাই নিরাশ করল। এই প্রথম আত্মীয়স্বজনদের আসল রূপ দেখলাম। আমার বাবা ও মায়ের নিকট আত্মীয়দের মধ্যে আমিই প্রথম অধম ব্যক্তি যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম।
আত্মীয়রা মুখ ফিরিয়ে নেওয়ার পর বুঝেছিলাম, আমার ঢাকায় গিয়ে পড়ালেখা করার বিষয়টি আত্মীয়রা ভালোভাবে নিচ্ছেন না। এক নিকট আত্মীয় তো বলেই বসল, ‘একবার টাকা দিলে বারবার চাইতে আসবে।’ তখন হৃদয়ের কষ্ট হৃদয়ে রাখতে হয়েছিল। গরিবের মুখ খোলা বারণ! যদিও ভর্তি হতে দরকার ছিল সবমিলিয়ে ৭ হাজার টাকার কাছাকাছি। কোনো উপায় না পেয়ে আমরা আরও হতাশ হয়ে পড়লাম। আমি মা-বাবাকে জানিয়ে দিলাম–এভাবে আর সম্ভব না, আমি অন্য কোনো স্থানীয় কলেজে ভর্তি হয়ে যাব! কিন্তু মা হাল ছাড়লেন না।
ভর্তির সময় চলে যাচ্ছে। আর মাত্র দুদিন বাকি। মা শুধু শুধু বৃথা চেষ্টা করে যাচ্ছে। মনে হচ্ছে, তিনি কোনো কোনোভাবে টাকা জোগাড় করেই ছাড়বেন! বিধি জীবনখাতায় কী লিখে রেখেছেন তখনো আমাদের অজানা ছিল! ভর্তির একদিন আগে বিকেলে বিষণ্ন মনে বসে আছি। মা হাসিমুখে এগিয়ে এসে বলল, ‘এই নে তোর টাকা’। আমি এক দৃষ্টিতে চেয়ে রইলাম মায়ের দিকে। মৃত প্রাণে আশার সঞ্চার হলো। তখন মাকে জিজ্ঞাসা করিনি এত টাকা কোত্থেকে জোগাড় হলো! রাতের গাড়িতে ঢাকায় আসলাম। অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। পরে জেনেছি, মা বাড়ির ছোট ছোট গাছ খুব অল্প দামে বিক্রি করে দিয়েছিলেন। এছাড়া প্রায় ১৭ জনের কাছ থেকে কিছু কিছু টাকা ধার করে আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন।
সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়
মুন্সীগঞ্জ।
তারেক/
.jpg)