বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে টয়োটা এখন কেবল গাড়ি তৈরিতে সীমাবদ্ধ নেই, গ্রাহকদের জন্য চার্জিং ব্যবস্থাও সহজ করছে। বৈদ্যুতিক (ইভি) ও প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) গাড়ির মালিকরা যাতে সহজে বাড়িতে ‘লেভেল-২’ চার্জার স্থাপন করতে পারেন, সে জন্য ‘ট্রিহাউস’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টয়োটা।
ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় সুবিধা প্রতিদিন সকালে পূর্ণ চার্জে গাড়ি নিয়ে বের হওয়া। তবে বাড়িতে চার্জার স্থাপন করা অনেকের কাছে ঝামেলার মনে হয়। ট্রিহাউস তাদের উন্নত সফটওয়্যারের মাধ্যমে এই প্রক্রিয়াকে এক দরজায় সব সমাধান বা ‘ওয়ান-স্টপ শপ’-এ পরিণত করেছে।
প্রতিষ্ঠানটি চার্জার স্থাপনের নকশা তৈরি থেকে শুরু করে সরকারি অনুমতি ও পরিদর্শন–সবকিছু সামলাবে। গ্রাহকদের কেবল তাদের গ্যারেজ বা নির্ধারিত স্থানের কিছু ছবি পাঠাতে হবে এবং একটি সংক্ষিপ্ত জরিপে অংশ নিতে হবে। এরপর ট্রিহাউসের লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা এসে প্রয়োজনীয় বৈদ্যুতিক সিস্টেম আপগ্রেড ও চার্জার স্থাপন করে দেবেন।
২০২৬ মডেলের সব টয়োটা ও লেক্সাস বৈদ্যুতিক গাড়ির সঙ্গে এখন স্ট্যান্ডার্ড হিসেবে ১২০ ভোল্ট/২৪০ ভোল্ট ডুয়াল-ভোল্টেজ হোম চার্জার দেওয়া হচ্ছে। এই চার্জার দিয়ে বাড়িতে লেভেল-১ এবং লেভেল-২ উভয় ধরনের চার্জিং সম্ভব। টয়োটা গাড়ির জন্য এই চার্জারে তিন বছর এবং লেক্সাসের জন্য চার বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। টয়োটার দাবি অনুযায়ী, এই ৭.৭ কিলোওয়াট ক্ষমতার চার্জার দিয়ে সারা রাতে ব্যাটারির ১০ শতাংশ থেকে পূর্ণ চার্জ করা সম্ভব। এছাড়া দ্রুত চার্জ করতে চাইলে গ্রাহকরা ‘চার্জপয়েন্ট হোম ফ্লেক্স’ চার্জার বেছে নিতে পারেন, যা চার্জিং সময় ৩০ শতাংশ কমিয়ে দেয়।
টয়োটা বর্তমানে তাদের বৈদ্যুতিক গাড়ির বহর দ্রুত বড় করছে। আপগ্রেড করা ‘বিজেড’ মডেলের পাশাপাশি বাজারে এসেছে ছোট ‘সি-এইচআর’ এবং শক্তিশালী ‘বিজেড উডল্যান্ড’। বছরের শেষের দিকে আসবে তিন সারির ‘হাইল্যান্ডার ইভি’।