আমরা প্রতিদিন স্কুলে, বাড়িতে বা খেলাধুলার সময় যে কাগজ ব্যবহার করি- সেটা কোথা থেকে আসে, কখনো ভেবে দেখেছ? আজ তোমাদের সেই গল্পই বলব। চলো শুরু করা যাক।
বাঁশ থেকে পাল্প
প্রথমে বন থেকে বিশেষ ধরনের গাছ সংগ্রহ করা হয়। যেমন ধরো বাঁশ। প্রথমে সেই বাঁশকে মেশিনে দেওয়া হয়। সেখানে তাকে ছোট ছোট টুকরো করা হয়। তারপর এই টুকরোগুলোকে পানিতে ভিজিয়ে, গরম দিয়ে, মেশিনে পিষে তৈরি করা হয় ‘পাল্প’- মানে নরম কাগজের খিচুড়ি!
ময়লা পরিষ্কার আর রং ঠিক করা
পাল্পের মাঝে কখনো ময়লা, ধুলোবালি বা ছোট ছোট কাঁটা থাকতে পারে। তাই সেটাকে বিশাল ড্রামে ধুয়ে পরিষ্কার করা হয়। কখনো কখনো পাল্পকে আরও সাদা করতে বিশেষ প্রাকৃতিক রাসায়নিক ব্যবহার করা হয়। তবে এখন পরিবেশ রক্ষার জন্য এমন রাসায়নিকই বেছে নেওয়া হয়, যা প্রকৃতির ক্ষতি কম করে। পরিষ্কার হওয়ার পর পাল্প হয়ে যায় ঝকঝকে, নরম, দুধের মতো মিশ্রণ।
মেশিনের জাদুতে তৈরি হয় পাতলা কাগজ
এবার আসে সবচেয়ে মজার অংশ! বিশাল কাগজ তৈরির মেশিনের ওপর পাল্প ঢালা হয়। মেশিনটি যেন একদম লম্বা লম্বা রোলার, যার ওপর পাল্প ছড়িয়ে পড়ে। প্রথমে রোলারের ঝাঁঝরা অংশ পানি ঝরিয়ে দেয়। এরপর গরম রোলারের নিচ দিয়ে যেতে যেতে পাল্প ধীরে ধীরে শুকিয়ে যায়। দেখতেই দেখতে সেই নরম মিশ্রণ হয়ে যায় পাতলা, মসৃণ কাগজ!
কাগজ কাটা আর গোছানো
শুকিয়ে গেলে কাগজ বিশাল রোল আকারে জমা হয়, যা দেখতে অনেকটা ডাবল-মোটা টিস্যুর রোলের মতো। তারপর মেশিন সেই রোলকে ছোট ছোট করে কাটে যেমন- খাতা, বই, প্রিন্টার বা আঁকার কাগজের সাইজে। এরপর এগুলো প্যাকেট করে দোকানে পাঠিয়ে দেওয়া হয়।
আমাদের কাগজের দায়িত্ব
যে কাগজ আমরা খেলায় ব্যবহার করি, আঁকিবুঁকি করি বা হোমওয়ার্ক লিখি- তার পেছনে থাকে অনেকের পরিশ্রম আর মেশিনের জাদু। তাই কাগজ অপচয় না করা খুব গুরুত্বপূর্ণ। ব্যবহৃত কাগজ আলাদা করে রাখলে আবার নতুন কাগজ বানানোর কাজে লাগে। একে বলে ‘রিসাইক্লিং’ মানে পুরোনো কাগজকে নতুন জীবন দেওয়া।
শেষ কথা
তাই এবার যখন খাতায় লিখবে বা নতুন রঙিন কাগজে ছবি আঁকবে, মনে রেখো- তোমার হাতের সেই পাতাটা একদম ভ্রমণে বের হওয়া এক জাদুকরি কাগজ। গাছ থেকে কারখানা, আর কারখানা থেকে তোমার টেবিল- কত লম্বা পথ পেরিয়ে এসেছে। কাগজকে ভালোবাসো, যত্ন করো আর মজা করে ব্যবহার করো।