একদিন এক লোভী কুকুর কসাইয়ের দোকান থেকে এক টুকরা মাংস চুরি করল। তা দেখে কসাই তার পেছনে তাড়া করল, কিন্তু কিছুদূর গিয়ে সে তার দোকানে ফিরে এল। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগল প্রাণপণে।
অনেকটা পথ যাওয়ার পর সে পেছন ফিরে দেখল কসাইটা আসছে কি না। কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে-সুস্থে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর সে এসে পৌঁছল একটা ছোট্ট নদীর কাছে।
সে তখন মুখে মাংসের টুকরাটা নিয়ে পানিতে নেমে নদী পার হতে লাগল। এমন সময় নদীর স্বচ্ছ পানিতে তার প্রতিবিম্ব ভেসে উঠল। লোভী কুকুরটা নিজের প্রতিবিম্বকে মনে করল মাংস মুখে নিয়ে অন্য একটি কুকুর দাঁড়িয়ে আছে। সে ভাবল, আমার মুখে এক টুকরো মাংস তো আছেই। এবার ওরটাও ছিনিয়ে নিই। তাহলে দুই টুকরো মাংস খাওয়া যাবে।
এই ভেবে যেই না সে মুখ খুলে অন্য কুকুরটির মাংস ছিনিয়ে নিতে গেল, অমনি তার মুখের মাংসটাও পানিতে ডুবে গেল।
গল্পটির উপদেশ: বেশি লোভ করলে নিজেরই ক্ষতি হয়।