পৃথিবীর সবচেয়ে সুন্দর নদীর কথা বলব আজ। এর নাম ক্যানু ক্রিস্টেলস হলেও, স্থানীয়রা একে ডাকে ‘রংধনু নদী’ নামে। কলাম্বিয়ার মেটা প্রদেশের ডি লা ম্যাকারেনাতে নদীটির অবস্থান। মজার ব্যাপার হচ্ছে, এই নদীতে মাছ বা অন্য কোনো জলজ প্রাণী নেই।
রংধনু নদীটি গায়াবেরো নদী থেকে উৎপন্ন একটি শাখা নদী। এখানে লাল, নীল, বেগুনি, গোলাপি, হলুদ, কালো ও ধূসর রঙের পানি দেখা যায়। এ নদীর নিম্নভাগে রয়েছে একপ্রকার রঙিন জলজ গুল্ম উদ্ভিদ, যার নাম ম্যাকারেনিয়া ক্লাভিগেরা। এই গাছ লাল, নীল, কমলা, হলুদ, সবুজ ইত্যাদি অনেকগুলো রঙের হয়ে থাকে। আর সেজন্য নিচের গুল্মগুলো বিভিন্ন রঙের হওয়ায় এবং সূর্যের আলোর ওপর ভিত্তি করে ওপরের স্বচ্ছ পানিও নিজ রং পরিবর্তন করে সেই রং ধারণ করে। কোনো কোনো স্থানে পানির নিচে কোনো জলজ উদ্ভিদ থাকে না। সেখানে পড়ে থাকে শুধু বালু। এই বালুতে সূর্যের আলো পড়ে সেটা হয়ে যায় গাঢ় হলুদ। সে হলুদ বালু থাকার জন্য ওপরের স্বচ্ছ পানিও হলুদ বর্ণ ধারণ করে।
নদীর এখানে সেখানে কয়েক মিলিয়ন বছরের পুরোনো বড় বড় খনিজ পাথর থাকায় এর সৌন্দর্যে যোগ হয়েছে নতুন মাত্রা। মাঝে মাঝে এই পাথরগুলো নিজের রং পাল্টে ধূসর বর্ণ ধারণ করে। যার ফলে তার ওপরের স্বচ্ছ পানিও দেখতে ধূসর দেখায়।
মোট কথা হলো, এই নদীর পানি অন্যান্য নদীর মতোই স্বচ্ছ। কিন্তু পানির নিচের বিভিন্ন রঙের উদ্ভিদ, স্বচ্ছ হলুদ বালি সূর্যের আলোর সঙ্গে বিক্রিয়া করে এই পানি রঙিন হয়ে আমাদের চোখে ধরা দেয়।