আবেদনপত্র
প্রশ্ন : মনে করো তোমার নাম আবরার জুবায়ের তাজ। তুমি রংপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তোমার রোল নম্বর ১। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখ।
ফেব্রুয়ারি ১২, ২০২৫
প্রধান শিক্ষক
রংপুর জিলা স্কুল
রংপুর
মাধ্যম: শ্রেণিশিক্ষক।
বিষয়: বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। তিন বছর ধরে আমি এ বিদ্যাপীঠে পড়ালেখা করছি। পরীক্ষায় সব সময়ই আমি প্রথম হয়ে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। অষ্টম শ্রেণিতেও আমার রোল নম্বর ১। আমার বাবা একজন দরিদ্র ব্যবসায়ী। পরিবারের ভরণপোষণ ছাড়াও আমাদের তিন ভাইবোনের লেখাপড়ার খরচ চালাতে তিনি হিমশিম খান। তবু তিনি এ পর্যন্ত বিদ্যালয়ের যাবতীয় পাওনা পরিশোধ করে আমাদের পড়ালেখার খরচ চালিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে আমাকে আর্থিক সাহায্য বরাদ্দ করে আমার লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি।
অতএব, মহোদয়ের সমীপে নিবেদন এই যে, উপর্যুক্ত কারণে আমার আবেদন মানবিকভাবে বিবেচনা করে আমাকে ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দিলে চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক
আপনার অনুগত ছাত্র
আবরার জুবায়ের তাজ
শ্রেণি: অষ্টম
শাখা: ই
রোল: ১
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর