হলিউড আলোচিত দুই সিনেমা ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ এবং ‘স্মাইল ২’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে আজ ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবি দুটি মুক্তি পাবে।
জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবেন দেশের দর্শকরা। ভেনম চরিত্রে এবারও অভিনয় করেছেন টম হার্ডি। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। অন্য ছবিটি হলো সাইকো-হরর সিনেমা ‘স্মাইল ২’। ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া এই সিনেমাটি এরই মধ্যে দর্শকদের আকৃষ্ট করেছে। এটি পরিচালনা করেছেন পার্কার ফিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগের মতো তারকারা। এরা সবাই প্রথম পর্বেও অভিনয় করেছিলেন।
২০১৮ সালে ভেনম সিনেমার প্রথম কিস্তি মুক্তি পায়। এটি বক্স অফিসে হিট হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৫ মিলিয়ন ডলার। এরপর ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ।’ এটিও বক্স অফিসে দারুণ সফল। এবার তৃতীয় পর্বের অপেক্ষা। ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ ভেনম ট্রিলজির চূড়ান্ত সিক্যুয়েল।
হলিউডের জনপ্রিয় সাইকো-হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল ২’। প্রথমটির মতো এই পর্বটিও পরিচালনা করেছেন পার্কার ফিন। ‘স্মাইল’ শিরোনামে প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল। প্রথম ছবির বাণিজ্যিক সাফল্যের পরে প্যারামাউন্ট পিকচার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং পরিচালক ও লেখক হিসেবে আবারও ফিরে আসেন পার্কার ফিন।
একজন পপ শিল্পীকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী নাওমি স্কট। সিনেমায় আরও অভিনয় করেছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগের মতো তারকারা।
হাসান


.jpg)