সদ্য প্রয়াত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। এই নির্মাতা স্মরণে বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম একটি স্মরণসভার আয়োজন করেছে। আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই স্মরণসভা। অনুষ্ঠানে ফোরামের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অঞ্জনের পরিবার, স্বজনসহ চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।
শর্টফিল্ম ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বিকেল ৩টায় এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। ইফতারের পর একই মিলনায়তনে প্রদর্শিত হবে অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’।
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। পরিচালনার পাশাপাশি ‘মেঘমল্লার’ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন জাহিদুর রহিম অঞ্জন। সিনেমাটি মোট পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও অপর্ণা ঘোষ।
জাহিদুর রহিম অঞ্জন নির্মিত সর্বশেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা। গত বছর মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। তবে শিগগিরই মুক্তি দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই নির্মাতা।
জাহিদুর রহিম অঞ্জন দীর্ঘদিন ধরে লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গেল সপ্তাহে চিকিৎসকরা তার লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ছিলেন লাইফ সাপোর্টে। গত ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী চলচ্চিত্র নির্মাতা।
/শাকিল


.jpg)