‘জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার’ তিন দিন আগে ফেসবুকে লিখেছিলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিকুল ইসলাম ডালিম (৩৫) নামের এক বাউলশিল্পী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। উপজেলার শ্রীপুর এলাকার একটি বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফারমার মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত তরিকুল ইসলাম ডালিম দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি লোকজ সংগীতচর্চা করতেন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন। তিনি ‘গামছা বাউল ডালিম’ নামে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ছিলেন। তবে জীবিকার প্রয়োজনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন তিনি। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ট্রান্সফারমার মেরামতের সময় হঠাৎ শর্টসার্কিট হয়ে ডালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের ধানক্ষেতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাংস্কৃতিক সংগঠক রাশেদুর রহমান রাশেদ বলেন, ‘ডালিম শুধু একজন মিস্ত্রি ছিলেন না, তিনি ছিলেন লোকসংস্কৃতির এক উজ্জ্বল মুখ। তাঁর কণ্ঠে লোকজ সুর ছিল প্রাণবন্ত। এই মৃত্যু অপূরণীয় ক্ষতি।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। আইনগত কোনো বাধা না থাকায় পারিবারিকভাবে তাঁকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’


.jpg)