শিকাগো থেকে দিল্লি রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। কিন্তু মাঝ আকাশে বাঁধে বিপত্তি। বিমানের টয়লেটের কমোডে কেউ পলিথিন ব্যাগ, টুকরো কাপড় ফেলে ফ্ল্যাশ করেছিল। সব আটকে যায় পাইপলাইনে। বাধ্য হয়ে আবারও শিকাগোর বিমানবন্দরে ফিরে যায় উড়োজাহাজ।
মঙ্গলবার (১১ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে এয়ার ইন্ডিয়ার একটি বিবৃতির বরাতে হিন্দুস্তান টাইমস এ সংবাদ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে দিল্লিগামী ফ্লাইট এআই১২৬ এর উড্ডয়নের প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর বিমানের ১২টি টয়লেটের মধ্যে ১১টি অকেজো হয়ে যায়। যে একটি সচল ছিল, সেটি ছিল বিজনেস ক্লাসে। ফলে ইকোনোমিক ক্লাসের যাত্রীরা ওয়াশরুমে যাওয়া নিয়ে বিপাকে পড়ে। বিমানের ভেতরেই বেধে যায় হুলুস্থুল কাণ্ড। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। কীভাবে এমন কাণ্ড ঘটল, তা বুঝতে পারেননি অনেকেই। মাঝ আকাশ থেকেই উড়োজাহাজ শিকাগো ফিরে যায়। অহেতুক ভোগান্তির কারণে এয়ারলাইন্স সংস্থাকেই দুষছেন তারা। কীভাবে বিমানের ১১টি টয়লেট একসঙ্গে নষ্ট হলো তা নিয়ে হচ্ছে জল্পনা।
ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমাদের টিম পাইপলাইনে পলিথিন ব্যাগ, কাপড় ও অন্যান্য বস্তু আটকে থাকার প্রমাণ পেয়েছে। যার কারণে টয়লেট সমস্যা হয়েছিল। বাধ্য হয়েই ফ্লাইট ফিরিয়ে আনা হয়। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।
বিমানে মোট ৩৪২ জন যাত্রী ছিলেন, এর মধ্যে ৩০৩ জন ইকোনমি ক্লাসের।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হয়েছে। যারা ফের যাত্রা করতে চান, তারা বিনামূল্যে বুকিং করতে পারবেন।
সব যাত্রীকেই বিকল্প ফ্লাইট ও হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে এবারই প্রথম নয়। আগেও অনেকে বিমানের টয়লেটে কম্বল, অন্তর্বাস, এমনকি ডায়াপার ফেলে ফ্লাশ করে দিয়েছেন। এই নিয়ে যাত্রীদের বারবার সতর্ক করেও কোনও লাভ হয়নি। এমনটাই দাবি কর্তৃপক্ষের। সূত্র: হিন্দুস্তান টাইমস
মাহফুজ/