সংযুক্ত আরব আমিরাতের শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের ৪৯ শতাংশ গোপন শেয়ার কিনেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ‘স্পাই শেখ’ নামে পরিচিত তাহনুন হলেন সংযুক্ত আরব আমিরাতের একজন রাজপরিবারের সদস্য এবং সরকারি কর্মকর্তা- যিনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং এর বৃহত্তম সম্পদ তহবিল পরিচালনা করেন।
ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফকে সহ-প্রতিষ্ঠাতা এমিরিটাস হিসেবে গণ্য করে এবং এটি ট্রাম্প এবং উইটকফ পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত হয়।
তাহনুন ৫০০ মিলিয়ন ডলারের শেয়ার কেনার কয়েক মাস পর যুক্তরাষ্ট্র প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতকে ৫ লাখ যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত এআই চিপ ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে উন্নত এআই চিপ বিক্রির অনুমোদন দেওয়ার কয়েক মাস আগে ২০২৫ সালে ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগে ৫০ কোটি ডলারের শেয়ার কিনেছিলেন।
শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান উপসাগরীয় দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এর বৃহত্তম সম্পদ তহবিলের ব্যবস্থাপক।
জার্নালের মতে, তাহনুন-সমর্থিত একটি কোম্পানি আরিয়াম ইনভেস্টমেন্ট, ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের ৪৯ শতাংশ শেয়ার কিনেছে। এই চুক্তির ফলে আরিয়াম ওয়ার্ল্ড লিবার্টির বৃহত্তম শেয়ারহোল্ডার এবং প্রতিষ্ঠাতাদের পাশাপাশি কোম্পানির একমাত্র পরিচিত বিনিয়োগকারী হয়ে উঠবে।
জার্নাল জানায়, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে তার ছেলে এরিক ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করেন। তাহনুন যখন যুক্তরাষ্ট্র থেকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপগুলিতে অ্যাক্সেস চাইছিলেন, তখন বাইডেন প্রশাসন চিপগুলি চীনে চলে যাওয়ার আশঙ্কায় ব্লক করে দিয়েছিল।
জার্নালের মতে, চুক্তির মাধ্যমে ট্রাম্প পরিবারের সম্পদে প্রায় ১৮৭ মিলিয়ন ডলার এবং উইটকফ পরিবারের সম্পদে ৩১ মিলিয়ন ডলার যুক্ত হলো।
অমিয়/