যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মের ব্যবহারের নিন্দা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
‘ঈশ্বর যুদ্ধকে সমর্থন করেন’- সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার মানুষের সামনে পাম সানডের এক গণপ্রার্থনা অনুষ্ঠানে পোপ লিও চতুর্দশ এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পঞ্চম সপ্তাহে পদার্পণ করায় এবং ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের প্রেক্ষাপটে, লিও তার পাম সানডের ধর্মোপদেশে বলেন, ‘ঈশ্বর সহিংসতাকে প্রত্যাখ্যান করেন এবং নিপীড়িতদের সান্ত্বনা দেন’।
তিনি বললেন, ‘শান্তির রাজা যিশু যুদ্ধকে প্রত্যাখ্যান করেন, তাকে ব্যবহার করে কেউ যুদ্ধকে ন্যায্যতা দিতে পারে না। যারা যুদ্ধ করে, তিনি তাদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধের সব পক্ষের নেতারাই তাদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে ধর্মকে ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, তাদের খ্রিস্টান ধর্মবিশ্বাসের দোহাই দিয়ে এই যুদ্ধকে একটি খ্রিস্টান রাষ্ট্রের সামরিক শক্তি দিয়ে তার শত্রুদের পরাস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখিয়েছেন।
রাশিয়ার অর্থোডক্স চার্চও ইউক্রেন আক্রমণকে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একটি ‘পবিত্র যুদ্ধ’ হিসেবে ন্যায্যতা দিয়েছে। বিশ্বকে তারা অশুভ শক্তির কবলে পড়েছে বলে মনে করেন। সূত্র: আল-জাজিরা
অমিয়/