রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে একটি সুপ্ত আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। ‘ক্রাশেনিনিকভ’ নামের আগ্নেয়গিরিটি কয়েক শ বছর পর প্রথমবারের মতো সক্রিয় হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্প্রতি ওই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েক দিন পরই এই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়ে ছাই, যা প্রায় ছয় কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) পর্যন্ত উঁচুতে উঠে যায়।
চলতি মাসের শুরতে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। ক্রোনোৎস্কি রিজার্ভের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের পর ছাইয়ের মেঘ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ছাইয়ের যে স্তম্ভ পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে, তার গতিপথে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই। এখন পর্যন্ত কোথাও ছাই পড়ার খবর পাওয়া যায়নি।
তবে আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর পরপর কামচাটকার তিনটি এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় সেই সতর্কতা প্রত্যাহার করে।
কামচাটকা ভলক্যানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, ৬০০ বছরের ইতিহাসে এটিই ‘ক্রাশেনিনিকভ’ আগ্নেয়গিরির প্রথম নিশ্চিত অগ্ন্যুৎপাত। তবে যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের তথ্যমতে, ১৫৫০ সালে আগ্নেয়গিরিটির শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল, অর্থাৎ ৪৭৫ বছর আগে। দুই সংস্থার এই তথ্য স্পষ্ট নয়।
গবেষকরা জানিয়েছেন, আগ্নেয়গিরিটির কার্যকলাপ বর্তমানে হ্রাস পাচ্ছে, তবে মাঝারি ধরনের বিস্ফোরণ অব্যাহত থাকতে পারে। এই অগ্ন্যুৎপাতের কয়েক দিন আগে রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার একটি প্রবল ভূমিকম্প আঘাত হানে। ফলে জাপান ও আলাস্কায় ছোট আকারের সুনামি সৃষ্টি হয়।


