ইসলামি জীবনব্যবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর প্রতিটি সুন্নত, অভ্যাস এবং পছন্দ আমাদের জন্য সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। মহানবি (সা.) তার পার্থিব জীবনে অত্যন্ত সাধারণ, পবিত্র ও পুষ্টিকর খাবার গ্রহণ করতেন। তিনি কখনো খাবারের বিলাসিতা করেননি, তবে খাবারের গুণগত ও পুষ্টিমানের দিকে তার বিশেষ নজর ছিল।
বিভিন্ন হাদিস, সিরাত ও ঐতিহাসিক বর্ণনা পর্যালোচনা করলে দেখা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর অত্যন্ত প্রিয় এবং অন্যতম শ্রেষ্ঠ খাবার ছিল দুধ। দুধ কেবল একটি সাধারণ পানীয় বা খাবার নয়, এটি একাধারে ক্ষুধা নিবারণ করে এবং তৃষ্ণা মেটায়–এমন অনন্য গুণ পৃথিবীর আর কোনো একক খাবারের মধ্যে নেই। প্রিয় নবি (সা.)-এর প্রিয় খাবার হিসেবে দুধের গুরুত্ব, এর শ্রেষ্ঠত্ব এবং এ সম্পর্কিত কোরআন ও হাদিসের নির্দেশনা আমাদের আধ্যাত্মিক ও শারীরিক উভয় জীবনের জন্য সমান তাৎপর্যপূর্ণ।
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা দুধকে মানুষের জন্য একটি চমৎকার, কল্যাণময় ও শিক্ষণীয় নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। কীভাবে একটি চতুষ্পদ জন্তুর উদর থেকে, রক্ত ও গোবরের মাঝখান দিয়ে একদম খাঁটি ও সুস্বাদু দুধ উৎপাদিত হয়, আল্লাহতায়ালা সুরা আন-নাহলে সেই অলৌকিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়ার বর্ণনা দিয়েছেন, ‘আর নিশ্চয় চতুষ্পদ জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। তার পেটের ভেতরের গোবর ও রক্তের মধ্যখান থেকে তোমাদের আমি দুধ পান করাই, যা খাঁটি এবং পানকারীদের জন্য স্বাচ্ছন্দ্যকর।’ (সুরা নাহল, ৬৬)
অন্য এক আয়াতে আল্লাহতায়ালা জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা।’ (সুরা মুহাম্মদ, ১৫)। কোরআনের এই অনুপম বর্ণনা প্রমাণ করে যে, দুধ মানবজাতির জন্য আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ, পবিত্র ও জান্নাতি উপহার।
আরো পড়ুন: যে বিশ্বাস মানুষের জীবনে এনে দেয় অভাবনীয় ৬টি পরিবর্তন?
রাসুলুল্লাহ (সা.) দুধ অত্যন্ত পছন্দ করতেন এবং এটিকে অন্য সব পানীয় ও খাবারের ওপর শ্রেষ্ঠত্ব দিতেন। হাদিস শরিফে এসেছে, যখনই মহানবি (সা.)-কে দুধ হাদিয়া দেওয়া হতো, তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে তা গ্রহণ করতেন এবং কখনো তা প্রত্যাখ্যান করতেন না। রাসুলুল্লাহ (সা.) দুধের অনন্য বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, এটি এমন একটি মোবারক খাবার, যা একাধারে খাদ্য ও পানীয় উভয়ের কাজ করে। অন্য সব খাবারের ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি বরকতের দোয়া করতেন, কিন্তু দুধের ক্ষেত্রে তিনি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি পোষণ করতেন।
সুনানে আবু দাউদ ও তিরমিজি শরিফে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা যাকে কোনো খাবার খাওয়ান, সে যেন বলে–হে আল্লাহ! এতে আমাদের বরকত দিন এবং এর চেয়ে উত্তম খাবার আমাদের দান করুন। আর আল্লাহতায়ালা যাকে দুধ পান করান, সে যেন বলে–‘হে আল্লাহ! এতে আমাদের বরকত দিন এবং আমাদের তা আরও বাড়িয়ে দিন’ (উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু)। কারণ, দুধ ছাড়া অন্য কোনো খাবার বা পানীয় আমি দেখি না, যা একই সঙ্গে খাদ্য ও পানীয়ের অভাব পূরণ বা উভয়ের পক্ষ থেকে যথেষ্ট হতে পারে।’ (তিরমিজি, ৩৪৫৫)
রাসুলুল্লাহ (সা.)-এর দুধের প্রতি এই গভীর পছন্দ কেবল পার্থিব জীবনের কোনো সাধারণ অভ্যাসের অংশ ছিল না বরং এটি ছিল তার আত্মিক ও স্বভাবজাত বিশুদ্ধতার প্রতীক। মিরাজের ঐতিহাসিক রাতে যখন রাসুলুল্লাহ (সা.)-এর ঊর্ধ্বাকাশে গমন হয়, তখন বায়তুল মুকাদ্দাসে তার সামনে মদের (তখনো মদ হারাম হয়নি) এবং দুধের দুটি পৃথক পাত্র পেশ করা হয়েছিল। রাসুলুল্লাহ (সা.) কোনো দ্বিধা ছাড়াই দুধের পাত্রটি নির্বাচন করেন। তার এই দূরদর্শী ও পবিত্র নির্বাচনের পর জিবরাইল (আ.) বলেছিলেন, ‘সব প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে ফিতরাতের (স্বাভাবিক স্বভাব বা ইসলাম) দিকে পরিচালিত ও হেদায়েত করেছেন। আপনি যদি মদের পাত্রটি গ্রহণ করতেন, তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত।’ (বুখারি, হাদিস ৪৭০৯, মুসলিম, হাদিস ১৬৮)
আরো পড়ুন: গোটা পৃথিবীই নামাজের জায়গা,তবে মসজিদ কেন প্রয়োজন?
রাসুলুল্লাহ (সা.) সাধারণত ঠাণ্ডা এবং তাজা দুধ পান করতে পছন্দ করতেন। অনেক সময় দুধের তীব্রতা বা অতিরিক্ত ঘনত্বের কারণে তিনি খাঁটি দুধের পাত্রে সামান্য ঠাণ্ডা পানি মিশিয়ে পান করতেন। আরব উপদ্বীপে এই মিশ্রণটিকে ‘লাবাং’ বা পাতলা দুধের মতো বলা হতো। এতে করে প্রচণ্ড গরমে দুধ অত্যন্ত সহজে তৃষ্ণা মেটাতে পারত এবং তা দ্রুত হজম হতো।
রাসুলুল্লাহ (সা.) দুধ পানের পর পানির সামান্য ঝাপটা দিয়ে কুলি করে নিতেন এবং মুখ পরিষ্কার রাখার প্রতি বিশেষ খেয়াল রাখতেন। বুখারিতে হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) দুধ পান করার পর পানি চেয়ে নিয়ে কুলি করলেন এবং এর কারণ হিসেবে বললেন, ‘এতে চর্বি (বা স্নিগ্ধতা) রয়েছে।’ (বুখারি, ২১১)
রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় খাবার দুধের এই পছন্দকে আজকের আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞানীরা অকপটে স্বীকার করেছেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় দুধকে বলা হয় আদর্শ খাদ্য বা সুপারফুড। রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে দুধের যে বহুমাত্রিক উপযোগিতার কথা বলে গেছেন, আজকের ল্যাবরেটরি পরীক্ষা প্রমাণ করেছে যে, দুধের মতো এত বিপুল পুষ্টিগুণ সমৃদ্ধ একক তরল খাবার পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
রাসুলুল্লাহ (সা.)-এর পুরো জীবনই ছিল মানবজাতির জন্য এক জীবন্ত মোজেজা ও আদর্শ। তার খাদ্যাভ্যাস কেবল ক্ষুধা নিবারণের স্থূল মাধ্যম ছিল না; বরং তা ছিল সুস্বাস্থ্য, পরিমিতিবোধ ও পবিত্রতার এক চমৎকার ভারসাম্যপূর্ণ উদাহরণ। প্রিয় নবি (সা.)-এর সবচেয়ে প্রিয় খাবার দুধ পানের মাধ্যমে আমরা যেমন শারীরিক পুষ্টি, শক্তি ও মানসিক সতেজতা লাভ করতে পারি, ঠিক তেমনি এটি যদি সুন্নতের অনুসরণের নিয়তে পান করা হয়, তবে তা আমাদের বিপুল সওয়াব ও আধ্যাত্মিক বরকতের অধিকারী করবে।
লেখক: প্রাবন্ধিক ও সাংবাদিক