ওভালের ম্যাচটি হবে যাচ্ছে ভারতের জন্য অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির সিরিজ বাঁচানোর ম্যাচ। আগেই জল্পনা ছিল জাসপ্রিত বুমরাহ খেলতে পারবেন, কি পারবেন না। অবশেষে জানা গেল ওভালে সিরিজের শেষ টেস্টে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই মেডিকেল টিম।
বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলার সময়ই চোটে পড়েন ভারতের এই পেসার। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় গুরুত্ব বিবেচনায় খেলানো হবে তাকে ম্যাচ। আর চোটের ঝুঁকি থাকলে গুরুত্বপূর্ণ ম্যাচেও বিশ্রাম পেতে পারেন এমনটাও ধারণা ছিল সবার।
এবার বুমরাহকে না পাওয়ার পেছনে কারণ সেটাই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং বুমরাহর পিঠের চোট নিয়ে ঝুঁকি না নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিরিজের স্কোয়াডে বুমরাহকে অন্তর্ভূক্ত করেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি খেলবেন বিশ্রাম নিয়ে। সকল ম্যাচে তাকে একাদশে পাওয়া যাবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে টেস্ট অধিনায়কও করা হয়নি এই পেসারকে।
সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্ট থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে, পাঁচ টেস্টের সিরিজে তিনটি খেলবেন তিনি। প্রথম টেস্ট খেলে দ্বিতীয় টেস্টে ছিলেন বিশ্রামে। এরপর টানা খেলেছেন তৃতীয় ও চতুর্থ টেস্ট। সিরিজের শেষ টেস্টে ওভালে মাঠে নামার সম্ভাবনা তৈরি হলেও তা আপাতত বাতিল হয়ে গেছে।
সিরিজ নির্ধারণী ম্যাচ হওয়ায় দলের সেরা বোলারকে পেতে চেয়েছিল ভারত। কোচ গৌতম গম্ভীর কারণ জানিয়েছিলেন যে বুমরাহ প্রস্তুত ওভালে নামতে। কিন্তু দুদিন পরই জানা গেল বিশ্রাম দেওয়া হচ্ছে তাকে।
৩ টেস্ট খেলা বুমরা এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুমরার জায়গায় দলে ফেরানো হবে পেসার আকাশ দীপকে। চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে পারেননি এই পেসার।