২-১ ব্যবধান সিরিজ জিতেও স্বস্তিতে থাকা হলো না দক্ষিণ আফ্রিকার। সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমে উল্টো বিব্রতকর রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানে পরাজিত হলো দলটি।
রবিবার (৭ সেপ্টেম্বর) সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডের ৪১৪ রানের বিশাল সংগ্রহের পর জয়টাও এসেছে ৩৪২ রানের বিশাল ব্যবধানে।
আগে ব্যাট করতে নেমে জো রুট (১০০) ও জ্যাকব বেথেলের (১১০) সেঞ্চুরি এবং সমান ৬২ করে রান করেন জেমি স্মিথ ও জস বাটলার। এতেই ৪০০ রানের দলীয় সংগ্রহ পার করে ইংলিশরা। ৪১৪ রানের দলীয় সংগ্রহটি তাদের ওয়ানডে ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বিশাল এই লক্ষ্য তাড়া করতে নামার আগেই মানসিকভাবেই ভেঙে পড়ে প্রোটিয়ারা। জোফরা আর্চারের গতি ও আদিল রশিদের স্পিনে মাঠে নেমেও ধসে পড়ে ব্যাটিং লাইনআপ।
আর্চারের ৪ ও আদিল রশিদের ৩ শিকারে দক্ষিণ আফ্রিকা ২০.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।
এই হারে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা বরণ করল দক্ষিণ আফ্রিকা। আগের রেকর্ড ছিল ২০২৩ সালে ভারতের শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৭ রানের জয়।
আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা।
নিলয়/