আগ্রাসী ফুটবল খেললেও একটির বেশি গোল মিলল না। তবে ওই একমাত্র গোলের লিডটি ধরে রেখেই নিজেদের লক্ষ্য পূরণ করল বাংলাদেশ। রোনান সুলিভানরা পৌঁছে গেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ মানিক।
ম্যাচের ১১ মিনিটে দারুণ হেডে মানিক গোলটি করেন। ম্যাচসেরার পুরস্কারও তার হাতে উঠেছে। গ্রুপ পর্বের দুই ম্যাচেই আলো ছড়ানো রোনান সুলিভান একবার বল জালে জড়িয়েছিলেন। তবে অফসাইডের কারণে সেটি গোল হয়নি।
বাংলাদেশ প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ভুটান মুখোমুখি হবে। জয়ী দল আগামী শুক্রবার শিরোপার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বে।
তোফায়েল/এসজি/