বউ আমাকে প্রায়ই বলে, আমি বলেই তোমার সংসার করে গেলাম। অন্য কেউ হলে কবেই লাত্থি মাইরা চইলা যাইত!
আগে প্রতিবাদ করতাম, এখন করি না। সে যা খুশি বলুক। প্রতিবাদ করে লাভও হয় না। উল্টা, ‘পাগল, সাঁকো নাড়িস না’, অবস্থা হয়। যখন-তখন বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেয়।
এ জন্যই পারতপক্ষে তাকে আমি খুব বেশি ঘাঁটাই না। যদি সত্যি সত্যি চলে যায়!
সেদিন পাশের বাসায় একটি সুন্দরী মেয়ে এসেছে। সেই লেভেলের সুন্দরী! এমন সুন্দরী মেয়ে আগে দেখি নাই। কৌতূহল দমন করতে না পেরে বউকে জিজ্ঞেস করলাম, মেয়েটা কে?
বউ বিরক্ত হয়ে বলল, মেয়েটা কে তা জেনে তোমার লাভ নাই। তুমি হানিফ ওয়াহিদ, হানিফ সংকেত না। হানিফ সংকেত হলেও এই মেয়ে পাত্তা দেবে না। আচ্ছা, তোমরা বিবাহিত পুরুষরা আশপাশে সুন্দরী মেয়ে দেখলে কোন জিনিসটা আগে দেখো?
আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমরা আগে দেখি ধারেকাছে কোথাও বউ আছে কি না!
বউও এবার একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তোমার আচার-আচরণ নিয়ে আমার প্রচুর টেনশন হয়।
আমি জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বললাম, বিয়ে যখন করেই ফেলছো, টেনশন তো করতেই হবে। মানুষ তো বিয়েই করে টেনশন করার জন্য। প্রচুর টেনশন করতে থাক, সমস্যা কী?
আমার কথা শুনে বউ রেগে গিয়ে বলল, তোমার কথা শুনলে আমার শরীরে লাভা উদগিরণ হয়। কলিজা, লিভার, কিডনি পর্যন্ত রেগে ফায়ার হয়ে যায়। মুখের সামনে গালি এসে বলে, May i come in madam?
আমি তাকে রাগানোর জন্য বললাম, এর পরও আমাকে নিয়ে তুমি বেঁচে আছো? তোমার তো দেখছি মাথা বোঝাই কিডনি! তোমার উচিত হারপিক খেয়ে মরে যাওয়া।
বউ বিরক্ত গলায় বলল, আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কেউ হলে...!
সেদিন আমি বউকে পাশে বসিয়ে ফিসফিস করে বললাম, শোনো, আমাদের দূরসম্পর্কের এক ভাই আছে, তার নাম আকরাম।
বউও ফিসফিস করে বলল, জানি তো, তাতে হইছে কী?
— আকরাম ভাই তো ঘটনা ঘটাইয়া ফ্যালাইছে।
— কী ঘটনা?
আমি বউয়ের কানের কাছে মুখ নিয়ে আরও ফিসফিস করে বললাম, আকরাম ভাইয়ের বউও তাকে এই কথা বলত।
বউও ততোধিক ফিসফিস করে বলল, কী কথা?
— আমি বলেই তোমার সংসার করে গেলাম। অন্য কেউ হলে কবেই লাত্থি মাইরা চইলা যাইত...!
— তাতে হইছে কী?
— আরে হইছে অনেক কিছু।
— কী হইছে?
— আকরাম ভাই তো বউয়ের কথা শুনে আরেকটা বিয়ে করে ফেলছে।
বউ চাপা চিৎকার করে বলল, হায় হায়! বল কী!
— তা আর বলছি কী। আকরাম ভাই এখন বড় বউয়ের সামনেই ছোট বউ নিয়ে সংসার করতেছে। বড় বউ তো এখন আর সংসার ফেলে যায় না। আকরাম ভাই বাপের ব্যাটা। বউরে দেখায় দিছে, অন্য মেয়ে নিয়েও সংসার করা যায়!
কথা শুনে বউ অবাক হয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার পর কোঁত করে একটা শব্দ করে চুপ হয়ে গেল।
এর পর থেকে সে আর একদিনও বলেনি, আমি বলেই তোমার সংসার করে গেলাম, অন্য কেউ হলে...!
ঘটনা বুঝলাম না!