কোন স্থানে, কী নোংরা দুর্গন্ধময় পরিবেশে আমি বসবাস করছি, আপনারা জীবনেও বুঝতে পারবেন না।
মাঝামাঝি স্থান থেকে গল্প বলাটা পেশাদারি পর্যায়ে পড়ে না। প্রথম থেকেই শুরু করি।
আমার জন্মের পর ঢাকার চমৎকার একটি মোবাইলের শোরুমে স্থান পেলাম। পাশেই ছিল এক চায়নিজ মেয়ে, মানে মেড ইন চায়নার মোবাইল। কী দারুণ দেখতে মেয়েটি, কী দারুণ রেজল্যুশন! তাকে দেখে আমার মাদারবোর্ড ও ফাদারবোর্ড দুটিই নড়ে গেল। প্রেমে পড়ব পড়ব করছি, এ সময় এক ছাগলা তরুণ এসে আমাকে কিনে ফেলল। বুঝলাম আমার স্ক্রিনে (পড়ুন কপালে) খারাবি আছে।
তরুণ আমাকে কিনেই একটা কফিশপে বসে গেল। সঙ্গে সঙ্গে আমাকে অন করে সেলফি। আরে ব্যাটা আগে বাসায় নে, তার পর টানা চার ঘণ্টা চার্জ দে। তা না, সে সেলফি তুলেই ফেসবুকে আপ করে দিল।
ক্যাপশন : ফ্রান্স...নতুন মোবাইলে সেলফি। কেমন লাগছে আমাকে?
আরে রাম ছাগল! ফ্রান্স তো একটা দেশের নাম। তুই ফ্রেন্ডস না লিখবি। যে দেশে জিনেদিন জিদানের মতো মানুষ আছে, তুই সে দেশকে নিয়ে মশকরা শুরু করছস?
কার হাতে পড়লাম আমি! দুঃখে আমার ব্যাটারি লো হয়ে গেল। রাম ছাগলের টনক নড়ল। সে আমাকে বাসায় নিয়ে চার্জে দিল। চার্জ হতে যা দেরি, বেয়াদবি শুরু করতে দেরি নেই। উঠতে-বসতে, নড়তে-চড়তে, খেতে-পান করতে, হাঁটতে-দৌড়াতে সেলফি। আমাকে দিয়ে যে কথাও বলা যায়, সেটা তারে কে বোঝাবে! কথা না বলতে বলতে আমি কথা বলাও ভুলে গেলাম। এমনও দিন গেছে মনের মতো না হওয়ায়, সে টানা ১২২টি সেলফি তুলেছে; যার মধ্যে ফেসবুকে আপলোড করছে মাত্র একটি। গিনেস বুকের লোকগুলা এইটারে এখনো খুঁজে বের করে নাই কেন, কে জানে!
তার পর এল সেই নির্মম নিষ্ঠুর দিন। কোনো এক সেলিব্রিটি নাকি গোসল করা অবস্থায় মাথায় শ্যাম্পুসহ সেলফি তুলছে, তাকেও তুলতে হবে। আরে তুই কি সেলিব্রিটি নাকি? তুই তো উৎকৃষ্ট রাম ছাগল। রাম ছাগল, রাম ছাগলের মতোই কাজ করছে। সেলফি তুলে ফেসবুকে আপলোড দিতে গেছে। ক্যাপশন শুরু করছে, ফ্রান্স...
এতটুকু লেখার পর আমি ফ্রান্স না, ডাইরেক্ট হনুলুলুতে চলে গেলাম। মানে গাধাটার হাত ফসকে সোজা কমোডে পড়ে গেলাম। কোন স্থানে, কী নোংরা দুর্গন্ধময় পরিবেশে আমি বসবাস করছি, আপনারা জীবনেও বুঝতে পারবেন না।