নব বসন্তে
আনোয়ারুল ইসলাম
শীতের শেষে এল দেশে
নব বসন্তের সাজ
গাছের ডালে নতুন কুঁড়ি
অপরূপা আজ।
কোকিল ডাকে কুহু কুহু
পলাশ ফোটে বনে
ফাগুন এলো ভালোবাসায়
রক্ত জবার মনে।
ভনভনিয়ে ছোটে অলি
সর্ষে ফুলের ক্ষেতে
মৌচাকেতে ভরে মধু
আনন্দেতে মেতে।
ফাগুন এলে গাছের ডালে
নতুন কচি পাতা
নব বসন্তে নতুন সাজে
খুশি তরুলতা।
ঋতুরাজ এল
নকুল শর্ম্মা
কৃষ্ণচূড়ার ডালে ডালে
লাগল দখিন হাওয়া,
মধুর লোভে মৌমাছিদল
করছে আসা যাওয়া।
পলাশ শিমুল রাঙা ফুলে
উঠল সেজে বন,
কোকিল শ্যামার মিষ্টি সুরে
জুড়ায় সবার মন।
বসন্তে আজ রাঙল আকাশ
রাঙা মেঘের ভেলায়,
ফুলের বনে খুশির নাচন
প্রজাপতির খেলায়।
ঋতুরাজের বরণডালা
সবার ঘরে ঘরে,
প্রাণে প্রাণে গানের সুরে
হৃদয় ওঠে ভরে।