প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামের বড়বিলে সবাই মিলে উৎসবের আমেজে মাছ ধরেন। এই মাছ ধরাকে স্থানীয়রা বলেন ‘পলোবাওয়া’।

বহু বছর ধরেই এই পলোবাওয়া উৎসব হয়ে আসছে। এর জন্য প্রতীক্ষায় থাকেন আশেপাশের কয়েক উপজেলার মানুষ।

শীতের শুরুতে বিলের পানি কমতে শুরু করে। তাই প্রতিবছর মাঘ মাসের প্রথম দিন ছেলে-বুড়ো মিলে দিনব্যাপী উৎসবের আমেজে বিলে মাছ ধরেন। এর ব্যতিক্রম হয়নি এবারও।

স্থানীয়দের মতে, প্রায় দুই শ বছর থেকে গোয়হরি গ্রামের মানুষ এই পলোবাওয়া উৎসব উদযাপন করে আসছেন।

সকাল ১১টায় পলো, জাল নিয়ে গোয়াহরি গ্রামের বড়বিলে নেমে পড়েন শিশু, তরুণ, যুবক, বৃদ্ধরা।

তারা রুই, কাতলা, আইড় ও শোল মাছসহ বিভিন্ন ধরনের মাছ ধরেন। কেউ ৮ থেকে ১০টি আবার কেউ দুই-তিনটি মাছ নিয়ে বাড়ি ফেরেন।

এই পলোবাওয়া উৎসব দেখতে সকাল থেকে জেলা ও উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন বিলের পাড়ে মাছ শিকারিদের উৎসাহ দিতে ও মাছ ধরা দেখতে।

মাছ ধরতে এসেছেন লন্ডন প্রবাসী আব্দুল বাছিত, মনোহর আলী, আব্দুর রফিক, ফয়জুল হক, স্পেন প্রবাসী আনোয়ার হোসেন, সৌদি প্রবাসী মহিবুর রহমানের মতো অনেকেই।

২০২৪ সালের তুলনায় এবার বিলে মাছের পরিমাণ বেশি ছিল বলে জানান মাছ ধরতে আসা মানুষজন।
অমিয়/