তুমি কি কখনো এমন গাছ ফুল দেখেছ, যাকে ছুঁতেই সে লজ্জায় গুটিয়ে যায়? হ্যাঁ, এমনই এক মজার গাছের নাম লজ্জাবতী। গ্রামের ছোট ছোট মাঠে, পুকুরপাড়ে কিংবা রাস্তার ধারে অনেক সময় এই লাজুক গাছের দেখা মেলে। তাকে একবার ছুঁয়ে দাও—দেখবে সে একেবারে চুপটি করে গুটিয়ে বসে যাবে, যেন কেউ কিছু বলেছে।
লজ্জাবতী গাছটা খুব বড় হয় না। পাতাগুলো অনেকটা ধানের পাতার মতো ও অনেক খণ্ডে বিভক্ত। ফুল হয় ছোট ছোট গোলাপি রঙের, দেখতে তুলার বলের মতো। একসঙ্গে অনেকগুলো ফুটে। পাতায় হাত লাগালেই সঙ্গে সঙ্গে গুটিয়ে যায়। এটাই সবচেয়ে মজার ব্যাপার।
লজ্জাবতী কেন এমন করে? বিজ্ঞানীরা বলেন, গাছের পাতায় এক ধরনের কোষ থাকে, যেগুলো স্পর্শ পেলেই পানি সরিয়ে দেয়। তখন পাতা গুটিয়ে যায়। কিছুক্ষণ পর আবার নিজে থেকেই খুলে যায়।
এই মজার গাছের অনেক উপকারও রয়েছে। বড়রা বলেন, লজ্জাবতীর পাতা চুলকানিতে লাগালে আরাম মেলে। কেটে গেলে এর রস রক্ত বন্ধ করতে সাহায্য করে। গাছটা মাটির জন্যও ভালো। সে মাটির শক্তি বাড়ায়।
লজ্জাবতী ফুল শিশুদের প্রিয় ফুলগুলোর মধ্যে একটি। অনেক ছড়া, গল্প আর কবিতায় ফুলটির নাম আসে। চাইলে তুমিও ছাদে বা বাগানে লজ্জাবতী গাছ লাগাতে পারো। খুব বেশি যত্ন না করলেও চলবে। একটু রোদ আর মাটি পেলেই বড় হয়ে যাবে এই লাজুক ফুলগাছ।