প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
(গত ১০ আগস্ট প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?
উত্তর: সমাজের প্রতি ব্যবসার দায়িত্বকেই সামাজিক দায়বদ্ধতা বলে।
ব্যবসার সঙ্গে বিভিন্ন পক্ষ জড়িত থাকে; যেমন- শেয়ার মালিক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সরকার, ঋণদাতা প্রভৃতি। এসব স্বার্থসংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণের যে দায়বদ্ধতা তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।
প্রশ্ন: মূলধন বাজেটিং সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়।
দীর্ঘ মেয়াদে পরিবেশ পরিস্থিতিসহ অনেক কিছুই পরিবর্তিত হতে পারে। ভবিষ্যৎ পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য নতুন নতুন বিনিয়োগ কার্যক্রম গ্রহণ করা জরুরি। আর এসব বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এ ছাড়া মূলধন বাজেটিং সিদ্ধান্তের সঙ্গে প্রচুর পরিমাণ স্থায়ী খরচ জড়িত। এ ধরনের বিনিয়োগ থেকে দীর্ঘ মেয়াদের জন্য নগদ প্রবাহের আগমন ঘটে। দীর্ঘমেয়াদি প্রকল্পের সঙ্গে ঝুঁকি জড়িত। এসব কারণে মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?
উত্তর: ব্যবসায় নৈতিকতা বলতে ব্যবসা কোন কাজ করা উচিত বা কেমন আচরণ প্রদর্শন করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় এ সংক্রান্ত বিষয়কে বোঝায়।
ব্যবসায়ীরা নৈতিকতা মেনে ব্যবসা করলে এর সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষ যেমন- ক্রেতা ও ভোক্তা, স্ব-গোত্রীয় ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারী, সরকারসহ সবাই উপকৃত হয়। কারণ, ব্যবসায় নৈতিকতা উত্তম আচরণ ও সুষ্ঠু ব্যবসায় পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে।
আরো পড়ুন : অর্থায়নের সূচনা অধ্যায়ের ৭টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র
প্রশ্ন: একজন ব্যবসায়ী কেন পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করে? ব্যাখ্যা করো।
উত্তর: পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে তার সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়।
ফলে ঝুঁকি হ্রাস পায়। যেমন- একজন ব্যবসায়ী যদি শুধু একটি পণ্যের ব্যবসা করে তাহলে ব্যবসায়ের মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ, ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ব্যবসায়ী যদি বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসা করে, সেক্ষেত্রে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলেও অন্যান্য পণ্যের বিক্রি দিয়ে তার ব্যবসায়ের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। তাই ঝুঁকি হ্রাসের জন্য একজন ব্যবসায়ী পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করে।
প্রশ্ন: সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?
উত্তর: সম্পদ সর্বাধিকরণ বলতে কোম্পানির নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকে বোঝায়।
যে কার্যক্রমের মাধ্যমে শেয়ারের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পায় তাকে সম্পদ সর্বাধিকরণ বলে। কোম্পানির মালিকদের সম্পদ পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দিয়ে। সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়ার কারণ হলো- এটি দিয়ে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করা যায়।
প্রশ্ন: অর্থায়নের দৃষ্টিতে একটি ফার্মের ‘সম্পদ সর্বাধিকরণ’ মূল লক্ষ্য হওয়ার কারণ কী?
উত্তর: আর্থিক ব্যবস্থাপক তার বিনিয়োগ সর্বোচ্চকরণ ও আর্থিক সিদ্ধান্তের কার্যকারিতা নিশ্চিতকরণের জন্য যা করে তাকে সম্পদ সর্বাধিকরণ বলে।
প্রবৃদ্ধি অর্জনের জন্য কোম্পানি সম্পদ সর্বাধিকরণের ওপর জোর দিতে পারে। সম্পদ সর্বাধিকরণ প্রক্রিয়ায় বর্ধিত মুনাফা সহায়ক হিসেবে কাজ করে। প্রত্যাশিত পরিকল্পনা অনুযায়ী সম্পদ বাড়াতে পারলে তা প্রতিষ্ঠানের মুনাফা সৃষ্টির ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। পণ্যসারি বৃদ্ধি বা বাজার সম্প্রসারণ সম্পদ সর্বাধিকরণের আলোকেই করা হয়ে থাকে। তাই সম্পদ সর্বাধিকরণ একটি ফার্মের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন: বিনিয়োগ সিদ্ধান্ত কী? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত।
সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপককে দুই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি। কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াকেই ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন- কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর