রাঙামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খবরের কাগজের সঙ্গে কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন রাঙামাটির প্রতিবেদক জিয়াউর রহমান জুয়েল।
খবরের কাগজ: জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। বিভিন্ন দল থেকে অনেক দিন ধরে একটি ‘ভালো নির্বাচনের’ কথা বলা হচ্ছে। সেই পরিবেশ কি দেখছেন এখন?
দীপেন দেওয়ান: যেহেতু দীর্ঘদিন ভালো নির্বাচন হয়নি তাই আপনি চাইলেই এখন ভালো পরিবেশ পাবেন না। তবে এখন পর্যন্ত পরিবেশ নির্বাচনের অনুকূলেই মনে হচ্ছে।
খবরের কাগজ: নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি? নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড কি তৈরি হয়েছে?
দীপেন দেওয়ান: নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচনসংক্রান্ত সব স্টোকহোল্ডারকে নিজ নিজ জায়গায় সঠিক ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে আমরা যারা প্রার্থী আছি আমাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
খবরের কাগজ: বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার অভিমত জানতে চাই। নির্বাচনের আগে এ ক্ষেত্রে কিছুটা উন্নতি কি হয়েছে? কোথায় আরও কাজ করতে হবে?
দীপেন দেওয়ান: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট নই। নির্বাচন নিয়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও তা যথাযথ না। আমি মনে করি এবারের নির্বাচন একটা চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীগুলোর গুরুত্ব সহকারে দেখা উচিত।
খবরের কাগজ: নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা কেমন দেখছেন?
দীপেন দেওয়ান: আমাদের বুঝতে হবে এই প্রশাসনিক ব্যবস্থা দীর্ঘদিনের একটা চলমান অবস্থা। তবে এই ব্যবস্থার মধ্যেই নির্বাচনি বৈতরণী অতিক্রম করতে হবে।
খবরের কাগজ: সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ নিয়ে আপনার অভিমত কী?
দীপেন দেওয়ান: আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণের এই গণভোটের বিষয়াদি সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। এতে গণভোটের লক্ষ্য ও উদ্দেশ্য সাধিত হবে না।
খবরের কাগজ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জগুলো কী বলে মনে করেন?
দীপেন দেওয়ান: আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, ভোটের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো।
খবরের কাগজ: নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত?
দীপেন দেওয়ান: নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তথ্য-সন্ত্রাসকে মোকাবিলায় গণমাধ্যমই হলো প্রধান হাতিয়ার।
খবরের কাগজ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
দীপেন দেওয়ান: খবরের কাগজকেও ধন্যবাদ।