চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীর আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন খবরের কাগজের সঙ্গে। তার সাক্ষাৎকার নিয়েছেন চট্টগ্রাম ব্যুরোপ্রধান ইফতেখারুল ইসলাম।
খবরের কাগজ: নির্বাচনের দিন তো ঘনিয়ে আসছে। বিভিন্ন দল থেকে অনেক দিন ধরে একটি ‘ভালো নির্বাচনের’ কথা বলা হচ্ছে। সেই ‘ভালো’ নির্বাচনের পরিবেশ কি দেখছেন এখন?
আসলাম চৌধুরী: নির্বাচনের পরিবেশ বলতে গেলে এখনো ভালো আছে। সামনে আরও ভালো পরিবেশ হবে। আমার বাড়িতে সব সময় জনসমাগম হয়। মানুষ নির্বাচনে ভোট দিতে উন্মুখ। অনেক দিন পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষ কিছুটা উচ্ছ্বসিত বলা যায়।
খবরের কাগজ: নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি? নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড কি তৈরি হয়েছে?
আসলাম চৌধুরী: নির্বাচনের মাঠে যেহেতু আওয়ামী লীগ নেই। পরিস্থিতি স্বাভাবিক এবং অনেক ভালো। তবে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। তড়িৎ ব্যবস্থায় অনেক সমস্যার সমাধান হয়।
খবরের কাগজ: বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার অভিমত জানতে চাই। নির্বাচনের আগে এ ক্ষেত্রে কিছুটা উন্নতি কি হয়েছে? কোথায় আরও কাজ করতে হবে?
আসলাম চৌধুরী: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো সন্তুষ্ট। নির্বাচনের আগে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা নিশ্চয় সরকারের রয়েছে। সময় যতই ঘনিয়ে আসবে, ততই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে।
খবরের কাগজ: নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা কেমন দেখছেন?
আসলাম চৌধুরী: এখনো তো ভালো দেখতে পাচ্ছি। নেগেটিভ প্রচার থাকবে, এটা স্বাভাবিক। প্রশাসনের নিরপেক্ষতার ওপর অনেক কিছুই নির্ভর করছে। নির্বাচন গ্রহণযোগ্য করতে অবশ্যই প্রশাসনকে তার স্বচ্ছতা বজায় রাখতে হবে।
খবরের কাগজ: নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ নিয়ে আপনার অভিমত কী?
আসলাম চৌধুরী: গণভোট ও নির্বাচন একই দিনে হলে তেমন সমস্যা হবে না। তবে গণভোটের জন্যও আলাদা করে ক্যাম্পেইন দরকার। এখনো গ্রামাঞ্চলে গণভোট নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি।
খবরের কাগজ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জগুলো কী বলে মনে করেন?
আসলাম চৌধুরী: পরিবেশ বজায় থাকলে বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর ভোট তো হিসাব করা। এবার যারা আওয়ামী লীগের সমর্থক তাদের ভোট একটা ফ্যাক্টর হবে সব আসনে। তবে আসন্ন নির্বাচনে সরকারের নানা চ্যালেঞ্জ আছে।
খবরের কাগজ: নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত?
আসলাম চৌধুরী: বিএনপি-জামায়াত একসময়ে একসঙ্গে ছিল। পরবর্তী সময়ে কী সমীকরণ হবে বলা যাচ্ছে না। গণতন্ত্রের সংজ্ঞা লেখা সহজ, বাস্তবতা ভিন্ন। সাংবাদিকতার পরিবেশ বিগত সময়ের চেয়ে অনেকটা ভালো। তাই সাংবাদিকতাও ভালো হচ্ছে বলা যায়।