সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাইস্কুল অ্যান্ড কলেজে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে দুটি পৃথক ভিডিওচিত্র দেখানো হচ্ছিল। এই ভিডিওচিত্র দেখে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী ঝর্ণা রায় উদ্বেগ প্রকাশ করে বলে, আমি জানতাম সিলেট সবচেয়ে সুন্দর এলাকা। কিন্তু ভিডিও দেখে মনে হলো সিলেটের পরিবেশ ধ্বংস করা হচ্ছে। সিলেটের পরিবেশের যদি এমন খারাপ অবস্থা হয় তাহলে সারা দেশের পরিবেশের কেমন খারাপ অবস্থায় আছে তা বুঝা যায়। কিন্তু আমাদের পরিবেশকে রক্ষা করার উপায় কি?
সোমবার (২৬ জুন) দুপুর ১টায় সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট।
এই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে প্রচারাভিযান করা হয়। এ সময় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে দুটি পৃথক ভিডিওচিত্র দেখানো হয়।
এই প্রচারাভিযানের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে ধারণাপত্র দেওয়া হয়। সেখানে এই দুটি বিষয়ের উপর সংক্ষিপ্ত বর্ণনা ও পরিবশে আইন নিয়ে বলা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়। তখন শিক্ষার্থীরা এই বিষয়ে নানা প্রশ্ন করতে থাকেন।
নবম শ্রেণির আরেক শিক্ষার্থী আয়েশা জামান জিজ্ঞেস করেন, ‘আইন আছে যেহেতু তাহলে কেন গাছ কেটে টিলা কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে? যেহেতু ২০২৩ সালে বন্ধ করা হয়েছে তাহলে এখনও কেন বাজারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া যাচ্ছে?’
তাদের প্রশ্নের উত্তর দেন ও এই প্রচারাভিযান পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা।
এ সময় উপস্থিত ছিলেন সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও বেলা নেটওয়ার্ক মেম্বার শাকিলা ববি।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, দেশের আগামীর কর্ণধার এই শিক্ষার্থীরা। তাই আমরা চাই তারা যেন পরিবেশ সম্পর্কে জ্ঞান রাখেন। কী করলে পরিবেশ ভাল থাকবে আর কী করলে পরিবেশ ধ্বংস হবে সেটা সম্পর্কে জানেন। এই প্রচারাভিযানের উদ্দেশ্যই হলো পরিবেশ রক্ষার চিন্তা সবার মনের মধ্যে গেঁথে দেওয়া।
অমিয়/