জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে এশিয়া কাপের সময়সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘোষিত সময় অনুযায়ী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই আসর। এবারের আসরে অংশ নিতে যাচ্ছে ৮ দল।
এবার সেই আসরকে ঘিরে ম্যাচের ভেন্যুও প্রকাশ করা হয়েছে। আবুধাবি এবং দুবাইতে অনুষ্ঠিত হবে আসন্ন এই আসরের সবগুলো ম্যাচ। ফাইনাল দুবাইতে।
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে অবস্থান করছে বাংলাদেশ। বাকি তিন গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান। টাইগারদের সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে।
লিটন দাসদের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ১৩ সেপ্টেম্বর ও ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
টুর্নামেন্টের অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ১৪ সেপ্টেম্বর হবে আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
প্রথম রাউন্ড শেষে দুটি গ্রুপ থেকেই সেরা দুই দল যাবে সুপার ফোরে। এই পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ের মাঠেই হবে ফাইনাল।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে শঙ্কায় পড়ে যায় এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে। পাকিস্তান অস্বীকৃতি জানায় ভারতে খেলতে। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।
নিলয়/