দেশের বৃহত্তম বিদ্যাপীঠগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। প্রতিদিন ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থী এ ক্যাম্পাসে চলাচল করেন। একাডেমিক ভবনগুলো পাশাপাশি অবস্থিত হওয়ায় সার্বক্ষণিক ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় থাকে। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার অতিরিক্ত গতি উদ্বেগজনকভাবে বেড়েছে। রিকশাচালকরা প্রতিযোগিতার মাধ্যমে গতি বাড়াচ্ছেন। যা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ মাত্রাতিরিক্ত গতি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকির কারণ হতে পারে। রাবির কয়েকজন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি দুর্ঘটনা যেমন একটি প্রাণ কেড়ে নিতে পারে, তেমনি শিক্ষার্থীর স্বপ্ন, আশা ও ভবিষ্যৎ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই রিকশার গতি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত মনোযোগ কামনা করছি।
মারুফ হাসান
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]