হোজ্জার শুকরিয়া
এক রাতে হোজ্জা দেখে বাগানে এক লোক দাঁড়িয়ে আছে। চোর ভেবে হোজ্জা ধনুক বের করে চোরের দিকে তির ছুড়ল। পরদিন সকালে গিয়ে দেখে তারই জামা দড়িতে মেলে দেওয়া ছিল। যেটাকে হোজ্জা চোর মনে করে তির ছুড়েছিল এবং সেই তির জামায় বিদ্ধ হয়ে আছে। সঙ্গে সঙ্গে হোজ্জা মোনাজাত করে শুকরিয়া জানায়।
হোজ্জার বিবি অবাক হয়ে বলে, ‘তুমি এখন মোনাজাত করছ কেন?’
হোজ্জা: ভাগ্যিস জামার ভেতর আমি ছিলাম না।
হোজ্জার ঘুম
একদিন হোজ্জা চোখ বন্ধ করে শুয়ে ছিল। এমন সময় এক প্রতিবেশী এল-
প্রতিবেশী: আপনি কি ঘুমাচ্ছেন?
হোজ্জা: কেন জিজ্ঞেস করছ?
প্রতিবেশী: আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন।
হোজ্জা: তাহলে আমি ঘুমাচ্ছি।
হোজ্জার ঝগড়া
এক রাতে হোজ্জার প্রতিবেশী শুনল হোজ্জার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছে। কিন্তু কিছুক্ষণ পর ভারী একটা কিছু পড়ার আওয়াজ হলো, তারপর সব চুপচাপ। পরদিন সকালে-
প্রতিবেশী: কাল রাতে আপনার বাসায় ভারী কিছু একটা পড়ার শব্দ পেলাম।
হোজ্জা: আমার বিবি রাগ করে আমার কোর্তা জানালা দিয়ে নিচে ফেলে দেয়।
প্রতিবেশী: একটা কোর্তা পড়ায় এত শব্দ হয়?
হোজ্জা: আরে কোর্তার ভেতর তো আমিও ছিলাম।
হোজ্জার প্রশ্ন
হোজ্জার গ্রামে দুই যমজ ভাই ছিল। একদিন শোনা গেল, ওই যমজ ভাইদের একজন মারা গেছে।
রাস্তায় ওই যমজ তাদের একজনকে দেখে হোজ্জা দৌড়ে গেলেন তার দিকে। জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কোন জন মারা গেছে- তুমি না, তোমার ভাই?’
হোজ্জার স্মৃতিশক্তি
হোজ্জা একবার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এক হাকিমের কাছ থেকে ওষুধ নিয়েছিলেন। কয়েক মাস পর হোজ্জা তাঁর হাকিমের কাছে গেলেন ওই ওষুধ আনার জন্য।
হাকিম: আচ্ছা, গতবার তোমাকে কী ওষুধ দিয়েছিলাম, একেবারেই মনে করতে পারছি না।
হোজ্জা বিনীত গলায় বললেন, তাহলে ওই ওষুধ এখন থেকে আপনি নিজেই খাবেন।
মেহেদী