ভোরের ইস্কুল
শাহজালাল সুজন
হিম কুয়াশা চাদর গায়ে
ঘাসের ডগায় বসে,
পথের ধারে খেজুর গাছে
কলসি ভরে রসে।
কিচিরমিচির পাখির সুরে
মন জুড়িয়ে আসে,
পুব আকাশে রবির কিরণ
ঘুমটা ভেঙে হাসে।
বরফ গলা খেজুর রসের
গেলাস হাতে পেয়ে,
মন আনন্দে চুমুক দিয়ে
ছুটে ছেলেমেয়ে।
ভোর বেলাতে ইস্কুলে যায়
বইটি নিয়ে হাতে,
ভোরের ইস্কুল জমে উঠে
শীত রোদেরই সাথে।
নতুন বই
এম আলমগীর হোসেন
নতুন সনে প্রথম দিনে
নতুন বই পেয়ে,
গন্ধ শুঁকে মনের সুখে
নাচে ছেলেমেয়ে।
সোনার আলোয় হাসে যেন
নতুন দিনের রবি,
বইয়ের পাতায় সে খুঁজে পায়
জীবনের রং ছবি।
বই নেয় বুকে শিশুর চোখে
কত স্বপ্ন ভাসে,
রোজ সকালে সে স্কুলে
সবার আগে আসে।
বইয়ের মাঝে পায় সে খুঁজে
মজার ছবি ছড়া,
বছরজুড়ে থাকুক শিশু
হাসিখুশি ভরা।
খুকি
আলমগীর কবির
মিষ্টি সুরে গাইতে পারে
একটি যেন পাখি,
পাখিটাকে আদর করে
দোয়েল বলে ডাকি।
দুটি ডানায় রঙের প্রলেপ
ছড়ায় রঙের জ্যোতি,
সারা বাড়ি ছুটে বেড়ায়
যেন প্রজাপতি।
গোলাপ ডালে পাপড়ি মেলা
একটি যেন কুঁড়ি,
মন আকাশে দেয় উড়িয়ে
স্বপ্ন নামের ঘুড়ি।
হাসলে পরে হৃদয় ভরে
একটি যেন পরি,
হাতে দিয়ে ঘুরে বেড়ায়
কলাপাতার ঘড়ি।
মায়ের চোখে আলো ছড়ায়
একটি যেন তারা,
দিন কাটে না রাত কাটে না
মায়ের আদর ছাড়া!