বসন্ত এল
মো. আশতাব হোসেন
গাছে গাছে নতুন পাতা
সাথে পুষ্প ফুটছে,
মধুর লোভে মৌমাছিরা
ঝাঁকে ঝাঁকে ছুটছে।
কোকিল পাখির নাচানাচি
কুহু কুহু গাইছে,
শীতে কাহিল বৃক্ষরাজি
যৌবন ফিরে পাইছে।
শুষ্ক নদীর বুকে আবার
জোয়ার ভাটা খেলবে,
ঘুমে থাকা জোনাকিরা
এবার আঁখি মেলবে।
দখিন দুয়ার খুলে বাতাস
পাহাড় চূড়ায় উঠবে,
কলকল রবে নদী
সাগর পানে ছুটবে।
#
ফাগুন এলে
কুলসুম বিবি
ফাগুন এলে শুকনো পাতা
মুড়মুড়ে যায় ঝরে
সবুজ লতায় তরু ডালে
নতুন কুঁড়ি ধরে।
মাঘের শেষে ফাগুন আসে
ঋতু চক্রের তালে
আগুন জ্বলে পলাশ শিমুল
কৃষ্ণচূড়ার ডালে।
আমের মুকুল জামের কুঁড়ি
গাছে কচি কাঁঠাল
ফাগুন হাওয়ায় সুবাস ছড়ায়
মন যে উথাল পাতাল।
বনের কোকিল ডালে বসে
কুহু কুহু ডাকে
সুরে সুরে গান শুনিয়ে
সে মাতিয়ে রাখে।