সিলেটে নাচে-গানে আবিরের রঙে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ১ ফাল্গুন সকাল ১০টায় সিলেট নগরী চাঁদনীঘাটস্থ সারদা হলের সামনে শিশু-কিশোরদের সংগঠন পাঠশালা এই বসন্ত বরণের অনুষ্ঠানের আয়োজন করে। ‘রঙের রথে চড়ে এলো ঋতুরাজ’ স্লোগানে বসন্ত ঋতুকে বরণ করে নেয় পাঠশালার শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা।
সিলেটে প্রতিবছরই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বিভিন্ন সাংস্কৃতিক দল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে থাকে নানা আয়োজন। তবে এবার তেমন কোনো আয়োজন হয়নি। খুব স্বল্প পরিসরে শিশু-কিশোরদের সংগঠন পাঠশালা আয়োজন করে বসন্ত বরণের।
‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’ গানের সঙ্গে পাঠশালার সদস্য জয়িতা জেহেন প্রিয়তীর নাচে শুরু হয় বসন্ত বরণ অনুষ্ঠান। এর পর বসন্ত বাতাসে সইগো, আহা আজি এ বসন্তে, বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইলো পাগলা, এমন যদি হত আমি পাখির মত... সহ বসন্তের গানের পাশাপাশি গাওয়া হয় দেশাত্মবোধক ও লোকগান।
এই আয়োজনে বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন পাঠশালার শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা এবং সিলেটের কয়েকজন সাংস্কৃতিক কর্মী।
সংগীতশিল্পী বাসবী চৌধুরী লিলির পরিচালনায় গান পরিবেশন করেন ব্রতচারী বিমান তালুকদার, সুমা রায় ঘোষ, রুবি বেগম, যুয়াইরিয়া রাফিদ ইয়াশা, দীপিকা সেন তিথি, সমর্পিতা দে তুন্না, স্বপ্নিল দাস, অপূর্ব গোস্বামী, রোহিত কান্তি কর, সানজা, প্রয়াস, দৃষ্টি রায়। তবলায় ছিল গায়ত্রী রায়। নৃত্য পরিবেশন করে জয়িতা জেহেন প্রিয়তী।
নাচ গানের পাশাপাশি পাঠশালার সদস্য ও তাদের অভিভাবকরা আবিরের রঙ একে অপরকে লাগিয়ে আনন্দ উদযাপন করেন। সবাই মিলে খই, মুড়ালি খেয়ে শেষ হয় পাঠশালার বসন্ত বরণ অনুষ্ঠান।
পাঠশালার পরিচালক নাজমা পারভিন খবরের কাগজকে বলেন, 'আমাদের সংগঠন শিশু-কিশোরদের। তাই পাঠশালা থেকে সব সময় আমাদের জাতীয় দিবসগুলোসহ পহেলা বৈশাখ, বসন্ত বরণ, পিঠা উৎসবসহ নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানগুলোর আগে যখন আমরা মহড়া করি, তখন আমাদের শিশু-কিশোরদের মাঝে এসব বিষয় নিয়ে নানা প্রশ্ন জাগে। তখন আমরা তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। কারণ আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার এই শিশু-কিশোররা। তাদের মধ্যে আমাদের ইতিহাস-ঐতিহ্যের বীজ বুনে দিলে আগামীর বাংলাদেশ হবে সুন্দর ও ভালোবাসার। ঋতুরাজ বসন্ত হলো সুন্দরের, ভালোবাসার। আমরা আমাদের ঐতিহ্য লালন করে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই।'
শাকিলা ববি/জোবাইদা/